আসিম মুনিরের পাকিস্তান
পাকিস্তানের মানচিত্র নতুন করে আঁকার পরিকল্পনা ঘিরে সে দেশের রাজনীতিতে নতুন অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এটি আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তনের বিষয় নয়, বরং পাকিস্তানের অভ্যন্তরীণ প্রাদেশিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ঘিরে আলোচিত এই উদ্যোগে বর্তমান চারটি প্রদেশ—পাঞ্জাব, সিন্ধ, খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানকে ভেঙে ১২ থেকে ১৫টি ছোট প্রদেশ তৈরির সম্ভাবনা উঠে এসেছে। বিকল্প প্রস্তাবে প্রায় ১৬০টি ছোট প্রশাসনিক অঞ্চলের কথাও আলোচনায় রয়েছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং আঞ্চলিক বৈষম্য কমানো—এই পরিকল্পনার পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি মানুষের স্বার্থে এই উদ্যোগ, নাকি এর আড়ালে রয়েছে সামরিক বাহিনীর ক্ষমতা আরও সংহত করার কৌশল ?
পাকিস্তানের রাজনীতিতে পাঞ্জাব ও সিন্ধের মতো প্রদেশগুলি দীর্ঘদিন ধরে শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্র। পাঞ্জাবে শরিফ পরিবার এবং সিন্ধে ভুট্টো পরিবারের রাজনৈতিক প্রভাব সুপ্রতিষ্ঠিত। প্রদেশগুলি ছোট ছোট ভাগে বিভক্ত হলে এই রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র দুর্বল হতে পারে। একই সঙ্গে নতুন প্রশাসনিক এককগুলির উপর কেন্দ্রীয় সরকারের প্রভাব বাড়ার সুযোগ তৈরি হবে। ফলে সামরিক নেতৃত্বের ক্ষমতা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে সিন্ধে এই পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ দেখা যাচ্ছে। করাচির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়েও বিতর্ক রয়েছে। সিন্ধের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির নেতারা প্রদেশের অখণ্ডতা রক্ষার প্রশ্নে আপসহীন অবস্থান নিয়েছেন। সিন্ধ বিধানসভাও প্রদেশ বিভাজনের বিরোধিতা করে প্রস্তাব গ্রহণ করেছে। এখানে রয়েছে সাংবিধানিক বাধাও। পাকিস্তানের সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, প্রদেশের সীমানা পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট প্রাদেশিক বিধানসভার দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। ফলে সামরিক সদিচ্ছা থাকলেই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াতেও জাতিগত অসন্তোষ, বিচ্ছিন্নতাবাদ এবং নিরাপত্তা সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনিক পুনর্গঠনের নামে নতুন বিভাজন সেই ক্ষত আরও গভীর করতে পারে। বলাই বাহুল্য, ছোট প্রদেশ তৈরি করলেই সুশাসন প্রতিষ্ঠিত হয় না। প্রয়োজন গণতান্ত্রিক অংশগ্রহণ, আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং সম্পদের ন্যায্য বণ্টন। আসিম মুনিরের পরিকল্পনা যদি সেই লক্ষ্য পূরণের পরিবর্তে সামরিক আধিপত্য বিস্তারের হাতিয়ার হয়ে ওঠে, তবে পাকিস্তানের মানচিত্র বদলালেও রাষ্ট্রের সংকট কাটবে না। বরং ভাঙনের আশঙ্কাই বাড়বে।