ওঙ্কার ডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র অন্দরে নতুন করে অস্বস্তি। দলের প্রধান অভিজিৎ দীপকে এবং শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও এবার লুক আউট সার্কুলার জারি করা হল। মুম্বইয়ে নিষিদ্ধ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার জেরেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এর আগে দলের আর এক নেতা সৌরভের বিরুদ্ধেও লুক আউট নোটিস জারি হয়েছিল। ফলে একের পর এক নেতার বিরুদ্ধে কেন্দ্রের এই পদক্ষেপে চাপে পড়েছে সিজেপি।
ঘটনার সূত্রপাত গত ২ অক্টোবর। ওই দিন মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করতে চেয়েছিল সিজেপি। কিন্তু সেই কর্মসূচির অনুমতি দেয়নি মুম্বই পুলিশ। অভিযোগ, নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কর্মসূচি ঘিরে প্রস্তুতি চলেছিল। এর পরদিন, অর্থাৎ ৩ অক্টোবর শিবাজি পার্ক থানায় আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মামলায় অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকেও অভিযুক্ত করা হয়। মুম্বই পুলিশের দায়ের করা ওই মামলার ভিত্তিতেই অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি হয়েছে বলে খবর। ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ নম্বর ধারায় বেআইনি জমায়েত এবং ২২৩ নম্বর ধারায় সরকারি কর্মচারীর নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, সিজেপির আর এক নেতা সৌরভের বিরুদ্ধেও আগেই লুক আউট নোটিস জারি হয়েছে যা ঘিরে বিতর্ক চলছে। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু চেন্নাই বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। লন্ডনগামী বিমানে উঠতে পারেননি তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাঁর পাসপোর্টে কিছু সমস্যা রয়েছে। সেই কারণে বিদেশযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে দিল্লি হাই কোর্টে কেন্দ্রীয় সরকারের অবস্থানও স্পষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, সৌরভের বিরুদ্ধে মুম্বই পুলিশের জারি করা লুক আউট নোটিস রয়েছে। গত ২৩ নভেম্বর এই নোটিস জারি করা হয়েছিল। সেই কারণেই তাঁকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে বলে কেন্দ্রের বক্তব্য।