ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নতুন সময়সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। দু’বার সূচি পরিবর্তনের পর নতুন দিনক্ষণ জানানো হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি।
এর আগে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর বিশেষ সংক্ষিপ্ত সংশোধন শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী, ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন ঠিক করেছিল কমিশন। কিন্তু ‘অনিবার্য পরিস্থিতি’র কথা জানিয়ে সেই প্রক্রিয়া স্থগিত করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ফলে ভোটার তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নতুন সূচিতে কমিশন জানিয়েছে, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। ১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটাররা তাঁদের দাবি ও আপত্তি জানাতে পারবেন। সেই সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তির শেষ সময়সীমা ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি। এরপর ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
খসড়া তালিকায় নাম, ঠিকানা কিংবা অন্য কোনও তথ্যে ভুল থাকলে সংশোধনের আবেদন জানাতে পারবেন ভোটাররা। নির্ধারিত সময়ের মধ্যেই এই আবেদন করতে হবে। এর আগে কমিশন জানিয়েছিল, ভোটারদের তথ্যের মধ্যে অমিল পাওয়া গেলে বুথস্তরের আধিকারিক বা বিএলও-কে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গিয়ে তথ্য যাচাই করতে হবে। নতুন করে যাতে কোনও তথ্যগত অসঙ্গতি না থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, প্যান কার্ড বা আধার কার্ডে ভুল থাকলে তা সংশোধন করানো হয়। নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ কিংবা ঠিকানার মতো তথ্যও ঠিক করে নেওয়া হয়। কিন্তু ভোটার কার্ডের ক্ষেত্রে অনেক সময় ভুল তথ্য থেকে যায়। সেই পরিস্থিতি এড়াতেই এই উদ্যোগ। এ বার ভোটার তালিকায় নাম, বাবা বা মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং ছবি-সহ সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। কোনও ভুল নজরে এলে তা সংশোধন করতে হবে। তবে শুধুমাত্র ‘অটোমেটেড আইডেন্টিফিকেশন’-এর ভিত্তিতে ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না। ভোটারের স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরেই তথ্য সংশোধনের কাজ করা যাবে।