ওঙ্কার ডেস্ক: রাঁচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও অংশ নিয়েছিলেন ঝাড়খণ্ড ও ওড়িশার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং মোহন চরণ মাঝি, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানান পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী। তিনি বলেন, বাঁধ তৈরি নিয়ে যে সমস্যা রয়েছে সেগুলি বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড চার রাজ্যকে নিজেদের মধ্যে বসে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়া কেন্দ্রের কাছে ব্যাকওয়ার্ড রিজিওন ফান্ডের যে ২৩৩০ কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার, বৈঠকে সেই বিষয়টি চন্দ্রিমা তুলেছেন বলে জানান। এদিনের বৈঠকে সীমান্ত ও পরিকাঠামোগত বিষয়, নিরাপত্তা এবং বন, পরিবেশ, আবাসন ও শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, একশো দিনের কাজ এবং আবাস যোজনায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে আগে একাধিক বার সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের অভিযোগ, রাজনৈতিক বিরোধিতার কারণে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে। গত মাসে রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস ভুঁইয়া অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই মাসে রাজ্যের পাওনা আদায়ের লক্ষ্যে সমস্ত দলের এক প্রতিনিধি দল গঠনের প্রস্তাব থাকলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
