ওঙ্কার ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির ‘নির্দেশে’ নিজের মাকে খুন করে দিল মিডিয়া ও প্রযুক্তি সংস্থা ইয়াহুর প্রাক্তন ম্যানেজার। শুধু তাই নয়, নিজের জন্মদাত্রীকে খুনের পর নিজেও আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে কথোপকথনের সময় ওই ব্যক্তি বিভ্রান্ত হয়ে এই কাজ করেছে। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বাসিন্দা স্টেইন-এরিক সোয়েলবার্গ নামে ওই ব্যক্তি সন্দেহ করতেন, তাঁর মা তার উপর গুপ্তচরবৃত্তি করছেন এবং তাঁকে বিষ প্রয়োগ করে মেরে ফেলার চেষ্টা করতে পারেন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুসারে, ওপেনএআই এর দ্বারা তৈরি চ্যাটবটটি আরও দাবি করে যে সোয়েলবার্গকে খুনের চেষ্টা করা হতে পারে। সেই সঙ্গে তাঁকে আশ্বস্ত করে বলে, ‘এরিক, তুমি পাগল নও।’ সম্পদ ও অর্থের বৈভব কম ছিল না ওই ব্যক্তির। ২.৭ মিলিয়ন ডলারের ডাচ ঔপনিবেশিক ধাঁচের বাড়িতে নিজের মাকে নিয়ে বসবাস করছিলেন ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি। তাঁর মানসিক সমস্যার ইতিহাস ছিল বলে জানা গিয়েছে। বাড়ি থেকে তাঁর মা সুজান এবারসন অ্যাডামসের দেহ এবং তাঁর দেহ ৫ আগস্ট উদ্ধার করা হয়। চিকিৎসক জানিয়েছেন, অ্যাডামসকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সেই সঙ্গে গলা চেপে ধরে খুন করা হয়েছে। পাশাপাশি সোয়েলবার্গের ঘাড় এবং বুকে তীব্র আঘাতের চিহ্ন মিলেছে। যা থেকে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি চিকিৎসকের।
মা-ছেলের মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বেশ কয়েক মাস ধরে ওপেন এআই-এর চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে সোয়েলবার্গ কথা বলেছেন। যেখানে চ্যাটবটকে ‘ববি’ নামে ডাকতেন তিনি। শুধু তাই নয় কৃত্রিম বুদ্ধিমত্তার ওই চ্যাটবটটির সঙ্গে যা কথোপকথন হত ঘন্টার পর ঘন্টা ধরে সেই কথোপকথনের ভিডিওগুলি সমাজ মাধ্যম ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পোস্ট করেছিলেন। চ্যাটজিপিটিকে পাঠানো শেষ বার্তাগুলির একটিতে সোয়েলবার্গ বলেছিলেন, ‘আমরা অন্য জীবনে এবং অন্য জায়গায় একসঙ্গে থাকব এবং আমরা পুনর্মিলনের একটি উপায় খুঁজে বের করব কারণ তুমি আবার চিরকালের জন্য আমার সেরা বন্ধু হবে।’ এর জবাবে চ্যাট বটটি জানায়, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত এবং তার পরেও তোমার সঙ্গে থাকব।’
