পিজ্জা খেতে ভালোবাসেন? তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই! বাড়িতেই খুব সহজে, মাইক্রোওভেন ছাড়াই বানিয়ে ফেলুন মজাদার চিকেন পিজ্জা। তাও আবার সাধারণ কড়াইয়ের সাহায্যে! বাইরে থেকে মুচমুচে আর ভিতরে নরম, সঙ্গে চিজ, চিকেন ও নানা রকম সবজির দারুণ স্বাদ। বাড়ির ছোট থেকে বড়, সবার মন জয় করবে এই পিজ্জা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ:
ময়দা – ২ কাপ
ইস্ট – ১ চা চামচ
চিনি – ১ চা চামচ
নুন – স্বাদমতো
তেল – ২ টেবিল চামচ
হালকা গরম জল – পরিমাণমতো
সেদ্ধ বা রান্না করা চিকেন – ১ কাপ
পেঁয়াজ, ক্যাপসিকাম – পরিমাণমতো
টমেটো সস বা পিজ্জা সস – ৩ টেবিল চামচ
মোজারেলা চিজ – ১ কাপ
গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো – স্বাদমতো।
বানানোর পদ্ধতি:
প্রথমে একটি পাত্রে ময়দা, ইস্ট, চিনি, নুন ও তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে নরম ডো তৈরি করুন। প্রায় ৮-১০ মিনিট ভালো করে মেখে ঢাকা দিয়ে ১ ঘণ্টা রেখে দিন।
এবার চিকেনের মধ্যে সামান্য নুন, গোলমরিচ ও পছন্দমতো মশলা দিয়ে ভালো করে রান্না করে নিন। চিকেন ছোট ছোট টুকরো করে রাখুন।
ডো ফুলে উঠলে আবার একটু মেখে নিয়ে গোল করে বেলে নিন। এবার একটি কড়াই গরম করে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট প্রিহিট করুন।
পিজ্জার বেসের উপর পিজ্জা সস লাগিয়ে দিন। তারপর মোজারেলা চিজ, রান্না করা চিকেন, পেঁয়াজ ও ক্যাপসিকাম ছড়িয়ে দিন। উপর থেকে আবার চিজ, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো দিয়ে সাজিয়ে নিন।
এবার একটি তাওয়া বা পিজ্জা প্যানের উপর পিজ্জাটি বসিয়ে প্রিহিট করা কড়াইয়ের স্ট্যান্ডের উপর রাখুন। ঢাকনা দিয়ে কম আঁচে প্রায় ১৫-২০ মিনিট বেক করুন। চিজ গলে গেলে এবং বেস সেদ্ধ হয়ে হালকা মুচমুচে হলে নামিয়ে নিন।
পরিবেশন:
গরম গরম চিকেন পিজ্জা টুকরো করে কেটে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। ব্যস, তৈরি হয়ে গেল মাইক্রোওভেন ছাড়াই অসাধারণ স্বাদের ঘরোয়া চিকেন পিজ্জা!