নিজস্ব প্রতিনিধি, বালি: সাত সকালে বিধ্বংসী আগুন লাগল বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচে বন্ধ দোকানে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সংলগ্ন রেল লাইন ও সিগন্যাল বক্স।
জানা যাচ্ছে, শুক্রবার সকালে প্রথমে আগুন নজরে আসে বালি ট্রাফিক পুলিশের। তাঁরাই সঙ্গে সঙ্গে খবর দেন বালি দমকল বিভাগকে। খবর পেয়েই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় প্রায় ১৪ থেকে ১৫টি দোকান ছিল। দমকল বিভাগের তৎপরতায় বাকি দোকানগুলি আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে ৪ থেকে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দোকানের ভিতরে থাকা মালপত্র, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কত টাকার ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় কার্যত মাথায় হাত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।
পাশেই ছিল বালি স্টেশনের রেল লাইন। সেখানে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। আগুনের লেলিহান শিখা রেল লাইনের দিকে এগিয়ে আসায় বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল। দমকলের তৎপরতায় মালগাড়িটিও রক্ষা পায়। রেলের লাইনের ইলেকট্রিকে আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদ ঘটতে পারত। ট্রেন চলাচলও বন্ধ হয়ে যেতে পারত।
রেল আধিকারিকরা জানান, সামনেই ছিল সিগন্যাল বক্স। সেটি উড়ে গেলে ট্রেন চলাচলে বড়সড় ব্যাঘাত ঘটত। অল্পের জন্য সেই বিপদ এড়ানো গিয়েছে। আগুন নেভানোর সময় কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কিনা, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বালি থানার পুলিশ। কীভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।