কলকাতা: দেবীপক্ষের সূচনাতেই পালাবদলের বাংলায় শুরু হয়ে গেল শারদোৎসব। মহালয়ার পুণ্যলগ্নে ইডেন গার্ডেন্সের মেগা মঞ্চ থেকে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঢাকের বোলে, শঙ্খধ্বনিতে বর্ণাঢ্য আগমনী অনুষ্ঠানের সাক্ষী থাকল গোটা রাজ্য।
এদিন মঞ্চ থেকে রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “কাল থেকে ক্লাবগুলিকে পুজো অনুদান দেবে সরকার।” একই সঙ্গে যে সমস্ত পুজো কমিটি মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সরকারি অনুদান নেওয়া থেকে বিরত থেকেছেন, তাঁদেরও ধন্যবাদ জানান তিনি। শুভেন্দু জানান, পালাবদলের পর এবার বাংলায় ১২ হাজার ৪০০টি নতুন পুজোর সূচনা হয়েছে। রাজ্যের প্রতিটি প্রান্তে এবার পুজোর আয়োজন আরও বড় আকারে হচ্ছে।
পালাবদলের বাংলায় এই বছর পুজোর অনুদান মিলবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল বিভিন্ন মহলে। কিন্তু সম্প্রতি যাবতীয় সংশয় দূর করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, পুজোর আনন্দে এক ফোটাও খাদ পড়বে না। অর্থাৎ গত বছরের মত এইবছরও দেবী আরাধনার জন্য নির্দিষ্ট অনুদান পাবে পুজো কমিটি গুলো। কিন্তু শহরের বড় বাজেটের পুজো গুলোকে এই অনুদান নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন শুভেন্দু। সূত্রের খবর, সেই মতোই এবার প্রায় ২০০টি বড় ক্লাব সরকারি অনুদান না নিয়েই পুজোর আয়োজন করছে।
প্রসঙ্গত, পূর্বতন সরকারের আমল থেকেই রাজ্যের ক্লাব গুলো পুজোর অনুদান পেয়ে আসছে। গত বছরও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান পেয়েছিল পুজো কমিটি গুলো। এই বছরও সেই ধারা বজায় রেখে আগামীকাল থেকেই অনুদান দেওয়া শুরু করবে রাজ্য সরকার।