ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ভালো কাজ করা জেলাকে বিশেষ সম্মান দেওয়া হবে। সেই সম্মান নিজে হাতে তুলে দেবেন রাজ্যের মুখ্য সচিব। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে যে জেলা সবচেয়ে ভালো কাজ করবে, সেই জেলাকে সম্মানিত করা হবে। সোমবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এ কথা ঘোষণা করেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল।
সূত্রের খবর, বৈঠকে স্বাস্থ্য বিমা যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত কার্ডের ই-কেওয়াইসি এবং ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জেলাভিত্তিক কাজের অগ্রগতি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনকে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন মুখ্য সচিব। ডেঙ্গি পরিস্থিতি এবং স্বাস্থ্য পরিষেবা নিয়েও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। সেখানে স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর হার কমেছে। তবে এখনও কয়েকটি এলাকা ‘হটস্পট’ হিসেবে রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
মুর্শিদাবাদের এক-দুটি ব্লক এখনও ডেঙ্গির হটস্পট। দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি ব্লকও এই তালিকায় রয়েছে। কলকাতা পুরসভার কয়েকটি ওয়ার্ডকেও হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের উদ্দেশে মুখ্য সচিবের প্রশ্ন, এখনও এতগুলি হটস্পট কেন রয়েছে? ডেঙ্গি মোকাবিলায় এ বছর কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।