ওঙ্কার ডেস্ক: চীনের দক্ষিণ উপকূলে তৈরি হওয়া বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতু হংকং–ঝুহাই–মাকাও ব্রিজ খুলে দেওয়ার পর থেকেই পর্যটকদের ভিড় অব্যাহত। ৫৫ কিলোমিটার লম্বা এই অবকাঠামো শুধু প্রকৌশল দক্ষতার নিদর্শনই নয়, এখন হয়ে উঠেছে চীনের নতুন ‘ট্যুরিস্ট ম্যাগনেট’। সমুদ্রের উপর দিয়ে লম্বা ফিতে মতো ছুটে যাওয়া সেতুটি দেখার জন্য প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ পৌঁছাচ্ছেন।
সেতুটির অন্যতম বিশেষত্ব হল এর তিনটি কৃত্রিম দ্বীপ এবং জলের নীচে তৈরি প্রায় সাত কিলোমিটার দীর্ঘ টানেল। বিশাল এই প্রকল্পটি চীনের পার্ল রিভার ডেল্টার তিনটি বড় শহরকে সরাসরি যুক্ত করেছে। ফলে সময় বাঁচছে, সহজ হচ্ছে যাতায়াত, আর সেই সুবিধার সঙ্গে সেতুটির সৌন্দর্যও আকর্ষণ তৈরি করছে পর্যটকদের মধ্যে। এখন সেখানে বিশেষ পর্যটনযাত্রার ব্যবস্থাও করা হয়েছে, যেখানে নির্দিষ্ট সময় ধরে সেতুর উপর দিয়ে ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন মানুষ। অনেকে সকাল সকাল এসে ছবি তুলছেন, ভিডিয়ো বানাচ্ছেন, সেতুর বিশালতা ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দৈনিক পর্যটকের সংখ্যা আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে।
ভ্রমণ বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনে এই সেতু এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল হয়ে উঠতে পারে। শুধু প্রযুক্তির দিক থেকে নয়, সৌন্দর্যের দিক থেকেও এর গুরুত্ব আরও বাড়বে। চীনের দাবি, এই প্রকল্প উপকূলীয় অর্থনীতি ও পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যা ভবিষ্যতে দেশটির রাজস্ব বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
