ওঙ্কার ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে আবার বিপর্যয় উত্তরাখণ্ডে। সে রাজ্যের চামোলিতে বুধবার ও বৃহস্পতিবার মধ্যরাতে ধারাবাহিক মেঘভাঙা বৃষ্টির ফলে তিনটি গ্রামের অন্তত দশ জন নিখোঁজ হয়েছেন। নন্দনগর এলাকায় বন্যা ও ভূমিধসের ফলে বেশ কয়েকটি গ্রামে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের মতে, নন্দনগর, সারাপানি এবং ধুরমা গ্রামে পুরো পরিবার-সহ দশ জন নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁদেরকে খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। বৃহস্পতিবার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে ধ্বংসস্তূপের তীব্র স্রোত নেমে এসেছে, নগর পঞ্চায়েত নন্দপ্রয়াগের কুন্তারি লাগাফালি ওয়ার্ডে ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকায় অন্তত পাঁচ জন নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। দু জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নন্দনগরের কুন্ত্রিলাগাফালিতে নিখোঁজদের মধ্যে রয়েছেন কুনওয়ার সিং (৪২), তাঁর স্ত্রী কোনা দেবী এবং তাঁদের দুই ছেলে, বিকাশ এবং বিশাল। দেবেশ্বরী দেবী এবং নরেন্দ্র সিং নামের আরও দুই গ্রামবাসী এখনও নিখোঁজ রয়েছেন।
সারাপানি গ্রামে ৭০ বছর বয়সী জগদ্ধাথ প্রসাদ এবং তাঁর স্ত্রী ভাগা দেবী নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। অন্য দিকে ধুরমা গ্রামের গুমান সিং এবং মমতা দেবীও নিখোঁজদের তালিকায় রয়েছেন। মোক্ষ নদীর তীরবর্তী সেরা গ্রামে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। ওই এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটা।
