ওঙ্কার ডেস্ক: টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং ও মিরিক। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ সোমবার রাজ্যের প্রশাসনিক প্রধান উত্তরবঙ্গ যাচ্ছেন। সোমবার দুপুর তিনটে সেখানে পৌঁছনোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন রাজ্যের প্রসাশনিক প্রধান। প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, শনিবার রাতভর প্রবল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। একাধিক জায়গায় ধস নেমেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কম করে ১৭ জনের। ধসের জেরে অবরুদ্ধ বহু রাস্তা। গোদের উপর বিষ ফোঁড়ার মতো জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। পার্বত্য এলাকায় হোটেলগুলিতে আটকে রয়েছেন বহু পর্যটক। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার উত্তরের জেলাগুলির ডিএমদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পর্যটকদের হোটেল থেকে বেরতে নিষেধ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃতদের পরিবারকে আর্থিক সহয়তা ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি এই দুর্যোগ প্রসঙ্গে লিখেছেন, কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টি ও বাইরে থেকে আমাদের রাজ্যের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন। দুর্যোগের ফলে আমরা কিছু ভাইবোনকে হারিয়েছি। আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। পরিবারগুলিকে সব রকম সহায়তা করা হবে।
