অর্পিতা মুখার্জী, কলকাতা: দীপাবলির মুখে চা বাগান শ্রমিকদের জন্য বড় উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে তিনি জানান, এবার থেকে চা বাগানের শ্রমিকরা ৩৫ কেজির বদলে ৫০ কেজি চাল পাবেন রেশনে, সঙ্গে পাবেন ৫০০০ টাকা করে। ভবিষ্যতে সমস্ত রেশন গ্রাহককেই ৫০ কেজি চাল দেওয়া যায় কিনা, তা নিয়েও সরকার ভাবনাচিন্তা করছে বলে জানান তিনি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি পৌঁছে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়নের অগ্রগতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকেই বন্ধ চা বাগানগুলি খোলা নিয়ে ফের আশ্বাস দেন তিনি।
এদিন বৈঠকে উপস্থিত শ্রমমন্ত্রী অর্জুন সিংকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাকেই বন্ধ সমস্ত চা বাগান খুলতে হবে, সব মুখ্যমন্ত্রী করলে হবে না।” তিনি আরও বলেন, সামসিং-সহ কয়েকটি বাগান ইতিমধ্যেই খুলেছে, বাকিগুলিও দ্রুত খুলবে। শ্রমিকদের উদ্দেশে তাঁর বার্তা, “জব কার্ড প্রস্তুত রাখুন, দ্রুত কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় সবাইকে আনা হবে।”
উল্লেখ্য, উত্তরবঙ্গে বন্ধ চা বাগান দীর্ঘদিনের সমস্যা। বৈঠকে কামতাপুরী ভাষা সংগঠনের সদস্যরাও নিজেদের ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানা গিয়েছে, যদিও এবিষয়ে সরকারি তরফে কোনও আশ্বাস মিলেছে কিনা তা এখনও জানা যায়নি।