সবাইকে পিছনে ফেলে আগেভাগে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম ও রেজিনগর থেকে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে তা শুক্রবার রাতেই ঘোষণা করল হাত শিবির। সূত্রের খবর, নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ভূমি আন্দোলনের নেতা মিলন প্রধান। এবং রেজিনগর কেন্দ্রে থেকে প্রার্থী হচ্ছেন জেলা পরিষদের সদস্য মহম্মদ আবদুল্লাহিল কাফি।
সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা পরিষদের বেলডাঙা এলাকা থেকে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহিল কাফি। বর্তমানে তিনি কংগ্রেসের জেলা পরিষদের একজন সদস্য। জেলা পরিষদে তিনি বিরোধী দলনেতা। অন্যদিকে দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত মিলন প্রধানকে প্রার্থী করা হয়েছে নন্দীগ্রাম থেকে। আসন্ন উপনির্বাচনে লড়াই করতে তার উপরেই ভরসা রেখেছে হাত শিবির। জানা যাচ্ছে, আগামী ১৬ সেপ্টেম্বর এই দুই কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন প্রার্থীরা।
প্রসঙ্গত, আসন্ন উপনির্বাচনে বিজেপি, তৃণমূল এমনকী বামেদের আগে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। ওয়াকিবহাল মহলের মতে, প্রার্থীদের নিয়ে আত্মবিশ্বাসী দল। তাই আগেভাগেই নাম ঘোষণা সেরে প্রচারে মন দেবে হাত শিবির। এ দিকে রাজ্যের প্রধান বিরোধীদল তৃণমূল এখনও প্রার্থী দেয়নি। কালীঘাট নাকি ঋত শিবির, কোন পক্ষের কাছে থাকবে জোড়াফুল প্রতীক তা নিয়ে এখনও দড়ি টানাটানি চলছে। ফলে শেষমুহূর্তে তাদের তরফে কে প্রার্থী দেবে, তা নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে।