অর্পিতা মুখার্জী, নয়াদিল্লি: দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে গায়ক দিলজিৎ দোসাঞ্ঝকে কটাক্ষ করেছিলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে। এবার সেই বিতর্কে ইতি টানতে প্রকাশ্যেই ক্ষমা চাইলেন অভিজিৎ।
শুক্রবার থেকে ভারতে শুরু হয়েছে দিলজিতের বহু প্রতীক্ষিত ‘অরা ট্যুর’। প্রথম শো ছিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেখানেই মঞ্চ থেকে নিজের অবস্থান স্পষ্ট করেন দিলজিৎ। সরাসরি কোনও দল বা ব্যক্তির নাম না নিলেও, তাঁর বক্তব্য ছিল স্পষ্ট। মঞ্চে দিলজিৎ বলেন, “আমি একজন শিল্পী। আমি সবাইকে ভালবাসি। আমি চুপ করে আছি, আমাকে চুপ থাকতে দাও। কিন্তু কীভাবে লড়াই করতে হয়, তা পাঞ্জাবিদের শেখাতে এসো না।” একইসঙ্গে তাঁর বিতর্কিত ছবি ‘সতলুজ’ নিয়ে ঠাট্টার প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ছবিটি বানানোর জন্য তাঁদের দীর্ঘদিন লড়াই করতে হয়েছে। দিলজিতের এই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হতেই ইনস্টাগ্রামে পোস্ট করে ক্ষমা চান অভিজিৎ।
অভিজিৎ লেখেন, “ভাই, জুন মাসে আন্দোলনের সময় আপনার মন্তব্যে একটু কষ্ট পেয়েছিলাম। ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। আমি বরাবরই আপনার অনুরাগী। ভারতে ফেরার আগে মে মাসে শিকাগোতে আপনার কনসার্টেও গিয়েছিলাম। আপনার সাহস, আপনার শিকড়ের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য আপনাকে শ্রদ্ধা করি। সম্ভবত সেই কারণেই আপনার কথায় বেশি কষ্ট পেয়েছিলাম। মতের অমিল হলেই শ্রদ্ধা-ভালবাসা শেষ হয়ে যায় না। আমাকে ছোট ভাই ভেবে ক্ষমা করে দিন।”
বিতর্কের সূত্রপাত গত জুন মাসে। দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্র আন্দোলন চলাকালীন দিলজিৎ নিজেকে সেই আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখেন। এক অনুরাগী ইনস্টাগ্রামে তাঁকে আন্দোলনে যোগ দেওয়ার কথা বললে দিলজিৎ জবাব দেন, “আমাকে এসবের মধ্যে রেখো না। আমি শিল্পী, রাজনীতিবিদ নই। এই পৃথিবীতে সবকিছু ঠিক হতে পারে না। যারা আন্দোলন করছেন, তাঁদের অভিনন্দন।”
তাঁর এই অবস্থান অনেকেরই পছন্দ হয়নি। বিশেষ করে ২০২০ সালের কৃষক আন্দোলনে প্রকাশ্যে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন দিলজিৎ। সেই প্রেক্ষাপটে তাঁর সাম্প্রতিক মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। ১২ জুলাই যন্তর মন্তরে সিজেপি-র মঞ্চে পাঞ্জাবি গায়ক কাকার উপস্থিতি টেনে অভিজিৎ বলেছিলেন, “ইনিও একজন শিল্পী। শিল্পীরা সমর্থন না করলে তাঁদের সিনেমা নিষিদ্ধ করে দেওয়া হয়।”
প্রসঙ্গত, মানবাধিকার কর্মী জসওয়ন্ত সিং খালরার জীবন নিয়ে তৈরি দিলজিতের ছবি ‘সতলুজ’ মুক্তি নিয়ে দীর্ঘ টালবাহানা চলে। সিবিএফসি-র আপত্তির জেরে প্রায় তিন বছর পর ছবিটি জি ফাইভে মুক্তি পায়, কিন্তু দুদিনের মধ্যেই দেশের নিরাপত্তার কারণ দেখিয়ে তা সরিয়ে দেওয়া হয়।
এদিকে ‘অরা ট্যুর’ নিয়ে দিলজিৎ এখন দেশজুড়ে ঘুরবেন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় তাঁর শো করার কথা রয়েছে। যদিও দিল্লির প্রথম শোতেই অব্যবস্থার অভিযোগ উঠেছে। বৈধ টিকিট থাকা সত্ত্বেও অনেক অনুরাগীকে ঢুকতে না দেওয়ার অভিযোগ, গেট ভেঙে ঢোকার ভিডিয়োও ছড়িয়েছে সমাজমাধ্যমে।