ওঙ্কার ডেস্ক: গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল। ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
অভিযোগ, উত্তেজিত জনতা দুটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে গাড়িগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া ও বাগডোগরা থানার পুলিশ। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে শিলিগুড়ি শহর ও আশপাশের এলাকায় গবাদি পশু চুরির ঘটনা বাড়ছিল। রাতের অন্ধকারে গাড়ি নিয়ে এসে গরু চুরি করে পালানোর অভিযোগ উঠছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নকশালবাড়ি, বাগডোগরা, মাটিগাড়া এবং শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এমন অভিযোগ সামনে এসেছিল। বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশকে জানানো হয়েছিল। তবে তাতে পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ।
শনিবার ভোরে মাটিগাড়া থানার তারাবাড়ি এলাকার বালাসন নদীর কাছে একটি সন্দেহজনক গাড়ি দেখতে পান স্থানীয়রা। এলাকায় গবাদি পশু চুরির ঘটনা আগে ঘটায় সতর্ক ছিলেন তাঁরা। গাড়িটি দেখেই কয়েকজনের সন্দেহ হয়। এরপর দ্রুত সেখানে উত্তেজিত জনতা গাড়িটিকে ঘিরে ফেলে। লাঠিসোটা নিয়ে গাড়িতে ভাঙচুর চালানো হয়। ভিতরে থাকা ব্যক্তিদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। হামলার ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। গাড়িতে থাকা কয়েকজন অবশ্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।