অর্পিতা মুখার্জী, কলকাতা: শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় অর্ণব এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু তাতেও বাংলার আবহাওয়ায় স্বস্তির কোনও লক্ষণ নেই। বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। মেঘলা আকাশ উত্তরবঙ্গেও।
মৌসম ভবন বুধবার রাত সাড়ে ১১টার বুলেটিনে জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর দিকে সরেছে অর্ণব। এই মুহূর্তে তার অবস্থান উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা, দক্ষিণ ছত্তীসগড় ও উত্তর-পূর্ব তেলঙ্গানার উপর। অক্ষাংশ ও দ্রাঘিমাংশে অবস্থান ১৭.৮ ডিগ্রি উত্তর ও ৮১.৮ ডিগ্রি পূর্ব। আবহাওয়া দফতরের অনুমান, বৃহস্পতিবার সকালের মধ্যে এটি সাধারণ নিম্নচাপে এবং সন্ধ্যার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। গোপালপুর, রায়পুর ও সম্বলপুরের ডপলার রাডারে নজরদারি চালানো হচ্ছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অর্ণব দুর্বল হলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৯ ও ৩০ অক্টোবর বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টি বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কা।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। আলিপুরের পূর্বাভাস, সারাদিনই আকাশ মেঘলা থাকবে। দুপুরের পর বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ বাড়তে পারে।
উত্তরবঙ্গেও ভিজবে
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে। পাহাড় ও ডুয়ার্সে পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া চলবে। অর্ণব দুর্বল হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।