অর্পিতা মুখার্জী, কলকাতা: কালীপুজোর আগের দিন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। এই প্রথমবার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা। শনিবার, ভূত চতুর্দশীতে গর্ভগৃহ থেকে নাটমন্দির, গোটা মন্দির চত্বরেই ভিডিও শুট করার সুযোগ পাবেন ভ্লগাররা।
প্রতিবছরের মতো এবারও আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে দক্ষিণেশ্বর মন্দির। সেই সুসজ্জিত মন্দিরের ছবি এবং ভিডিও তোলার সুবর্ণ সুযোগ এবার দেওয়া হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, ভ্লগার, ইউটিউবার, পেশাগত ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার এবং ইনফ্লুয়েন্সরদের।মন্দির সূত্রে খবর, শুধুমাত্র শনিবার একদিনের জন্যই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
কখন কী করতে হবে?
এই সুযোগ পেতে হলে মানতে হবে নির্দিষ্ট সময়সীমা এবং নিয়ম।
দুপুর ১২টার মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ শুটের অনুমতি পাবেন না। বিকেল সাড়ে ৩টের মধ্যে মন্দিরে রিপোর্টিং করতে হবে। বিকেল সাড়ে ৫টা থেকে ক্যামেরা বা আলো সেট করার কাজ শুরু করা যাবে। সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিডিও শুটের সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ।
মানতে হবে যে শর্তগুলি
ভিডিও শুটের জন্য বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
– নির্দিষ্ট সময়ের আগে অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
– মন্দিরে প্রবেশের সময় সঙ্গে রাখতে হবে আসল পরিচয়ের শংসাপত্র।
– শুটের সময় মন্দিরের ঐতিহ্য এবং পবিত্রতা যাতে কোনওভাবে ক্ষুণ্ণ না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে।
– ক্যামেরা, মোবাইল নিয়ে শুট করা যাবে, তবে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ের বাইরে শুট করা যাবে না।
মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি কন্টেন্ট ক্রিয়েটররা। এতদিন দক্ষিণেশ্বরে গিয়ে ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে নানা বিধিনিষেধ ছিল। এবার সরাসরি গর্ভগৃহ থেকে নাটমন্দির পর্যন্ত শুটের অনুমতি পেয়ে উচ্ছ্বসিত তাঁরা।