ওঙ্কার ডেস্ক: দলিত হয়ে আর পাঁচ জন যে পথে চলাফেরা করেন, সেই পথে কেন হাঁটবে?! তামিলনাড়ুর তাঞ্জাভুরে দলিতদের জন্য পথ বন্ধ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই গোটা ঘটনায় অভিযোগের তীর এক বৃদ্ধা মহিলার দিকে। ইতিমধ্যে তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, দলিত ছাত্রছাত্রীরা এলাকার পথ ব্যবহার করত। কিন্তু সেই সাধারণ পথ ব্যবহার করতে বাধা দেয় স্থানীয় এক মহিলা। ঘটনায় ব্যাপক শোরগোল তৈরি হয়। স্থানীয় পুলিশ অভিযুক্ত ওই মহিলা এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। ভিডিওতে দেখা গিয়েছে শুক্রবার সকালে তাঞ্জাভুর তালুকের কোলাঙ্গারাই গ্রামে স্কুলের পোশাক পরা এবং ব্যাগ হাতে কিছু পড়ুয়া গলি দিয়ে হাঁটছে। সেখানে এক জন বয়স্ক মহিলা লাঠি হাতে নিয়ে তাদের বাধা দেন। পাশপাশি ওই পথে না যাওয়ার জন্য চিৎকার করে নিষেধ করেন।
তাঞ্জাভুর তালুক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এফআইআর দায়ের করা হয়েছে। শনিবার ওই আধিকারিক সংবাদ সংস্থাকে বলেন, ‘এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মহিলা এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।’ গ্রামবাসীদের অভিযোগ, ওই পরিবারের সদস্যরা তাঁদের সাধারণ পথ ব্যবহার করতে বাধা দিচ্ছেন। এর আগে, স্থানীয়রা অভিযোগ করেছিলেন, তাদের বাড়িতে পৌঁছানোর জন্য একটি জলাশয়ের পাশের ১.৫ কিলোমিটার দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য করা হয়েছিল।
