নিজস্ব প্রতিনিধি, আসানসোল: উৎসবের আনন্দের মাঝেই রূপনারায়ণপুরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন বাড়ির মালিক মেয়ের বাড়িতে যাওয়ায় ফাঁকা বাড়িতে হানা দেয় চোরেরা। আলমারি ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না, নগদ টাকা এবং পিতল-কাঁসার বাসনপত্র-সহ পুজোর সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে তারা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রূপনারায়ণপুরের রাঙামাটির ১ নম্বর সুভাষপল্লী এলাকায়। গৃহকর্ত্রী গায়ত্রী রায় ষষ্ঠীর দিন জামতাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। অষ্টমীর দিন সন্ধ্যায় প্রতিবেশীদের কাছ থেকে ফোন পান তিনি। প্রতিবেশীরা জানান, তাঁর বাড়ির মূল দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে।
খবর পাওয়া মাত্রই মেয়েকে সঙ্গে নিয়ে রূপনারায়ণপুরের উদ্দেশে রওনা দেন গায়ত্রী দেবী। এদিকে প্রতিবেশীরাই রূপনারায়ণপুর ফাঁড়ি পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করতে থাকে।
বাড়ি ফিরে ঘরের ভিতরের অবস্থা দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে গায়ত্রী দেবীর। তাঁর দাবি অনুযায়ী, চুরি গিয়েছে – প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার সোনার অলংকার। ৩০ থেকে ৪০ হাজার টাকা নগদ। প্রায় ৩০ কেজি কাঁসা ও পিতলের বাসনপত্র। এছাড়াও ঠাকুরঘর থেকে পিতলের লক্ষ্মী-নারায়ণ মূর্তি, প্রদীপ, ত্রিশূল-সহ একাধিক পুজোর সামগ্রী চুরি হয়েছে বলে দাবি পরিবারের।
উৎসবের মরসুমে বাড়ির তালা ভেঙে এমন চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।