ওঙ্কার ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে ফের আক্রমণ শানাল বিজেপি। বিরোধীদের প্রতিবাদের আবহে তিনি আবারও বিদেশে পাড়ি দিয়েছেন বলে দাবি করেছে গেরুয়া শিবির। সমাজমাধ্যমে বিমানের ভিতরের একটি ভিডিয়ো পোস্ট করে বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী নাকি ভিয়েতনামে যাচ্ছেন। তবে ভিডিয়োটি তাঁর ভিয়েতনাম সফরের প্রমাণ কি না, তা স্পষ্ট নয়।
বিজেপির এক্স হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করে ব্যঙ্গের সুরে লেখা হয়েছে, ‘মিথ্যা ছড়াতে ছড়াতে খুব ক্লান্ত? কিছুদিন ভিয়েতনাম ঘুরে আসি, কে আর জানতে পারবে!’ রাহুলের বিদেশ সফর নিয়ে বিজেপির মুখপাত্র আরপি সিং কটাক্ষ করেছেন। তাঁর দাবি, বিহারে যাত্রা শেষ করার পর রাহুল প্রায় দু’মাস বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন। সে বারও তিনি ভিয়েতনামে গিয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তাঁর অনুমান, এ বারও সেই দেশেই গিয়েছেন কংগ্রেস নেতা। বিজেপির আর এক নেত্রী শাজিয়া ইলমিও রাহুলকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক কাজের চাপ বেশিদিন নিতে পারেন না বিরোধী দলনেতা। ভোট চুরির অভিযোগকে তিনি অজুহাত হিসেবে ব্যবহার করছেন বলেও দাবি করেন শাজিয়া।
এ দিকে বিজেপির আক্রমণের জবাব দিয়েছে কংগ্রেসও। দলের নেতা সন্দীপ দীক্ষিতের প্রশ্ন, কে কোথায় এবং কখন সফর করবেন, তা নিয়ে এত বিতর্ক কেন? অন্য নেতারাও তো বিদেশে যান। সন্দীপের বক্তব্য, রাহুল গান্ধী একজন ব্যক্তি হওয়ার পাশাপাশি বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেন। বিদেশ সফরের সময় তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। লন্ডনেও পড়ুয়াদের সঙ্গে আলোচনা করেন এবং বুদ্ধিজীবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখিও হন। কিন্তু মোদী তা করেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সমালোচনা করে সন্দীপ বলেন, সংসদের অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর বিদেশ সফর না করার একটি প্রচলিত রীতি ছিল। কিন্তু মোদী সেই রীতি ভেঙেছেন। সে ক্ষেত্রে বিজেপি কেন এই ধরনের প্রশ্ন তোলে না?