ওঙ্কার ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল। সোমবার দুপুর দু’টোর পর সর্বোচ্চ আদালতে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। আগামী সপ্তাহে অর্থাৎ ৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হতে পারে। রাজ্য সরকারি কর্মচারীদের মত, পুজোর আগে ডিএ মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আর দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, এর আগে গত ২৬ অগস্ট এবং ১২ আগস্ট ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। বারবার মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় কার্যত হতাশা প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্ট ২০২২ সালে জানিয়ে দিয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া থাকা ডিএ মিটিয়ে দিতে হবে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, অন্তত ২৫ শতাংশ বকেয়া মেটাতেই হবে রাজ্য সরকারকে।
প্রসঙ্গত রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছিল, ডিএ বা মহার্ঘ ভাতা কর্মীদের কোনও মৌলিক অধিকার নয়। কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো আলাদা, তাই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়। আর্থিক সঙ্কটের কথা তুলে ধরে রাজ্যের আইনজীবীরা জানান, ডিএ প্রদানে কেন্দ্রের সঙ্গে সরাসরি তুলনা টানা যায় না। তবে এদিন শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা।
