ওঙ্কার ডেস্ক : মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে জনসভা চলাকালীন এক ব্যক্তির হামলার জেরে একদিন পর সরিয়ে দেওয়া হল দিল্লি পুলিশ কমিশনার এস বি কে সিং-কে। তাঁর স্থলাভিষিক্ত হলেন ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সতীশ গোলচা।
হোম গার্ডসের মহাপরিচালক এস বি কে সিং-কে দিল্লি কমিশনার হিসেবে গত ১ আগস্ট অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় এলেন ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার, এজিএমইউটি ক্যাডারের সতীশ গোলচা। এর আগে দিল্লি পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব সামলেছেন তিনি। যার মধ্যে রয়েছে ডেপুটি কমিশনার অফ পুলিশ, জয়েন্ট কমিশনার অফ পুলিশ এবং স্পেশাল কমিশনার অফ পুলিশ (আইন শৃঙ্খলা ও গোয়েন্দা)।
২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার সময় তিনি স্পেশাল কমিশনার অফ পুলিশ ছিলেন। গত বছরের এপ্রিলে তাকে মহাপরিচালক (কারা) নিযুক্ত করা হয়েছিল। বুধবার মুখ্যমন্ত্রী গুপ্তার বাসভবনে ‘জন সানওয়াই’ চলাকালীন নিরাপত্তার বড়সড় গাফিলতির ঘটনা ঘটে। হামলার পর, দিল্লি পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তারই জেরে একদিন পর সরিয়ে দেওয়া হল এস বি কে সিং-কে।
হামলার পর X-এ এক পোস্টে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছিলেন, এই ধরনের ঘটনা জনসাধারণের সেবা করার তার সংকল্পকে ভাঙতে পারবে না। স্বাভাবিকভাবেই, এই হামলার পর আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি ভালো বোধ করছি। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, দয়া করে আমার সঙ্গে দেখা করার জন্য বিরক্ত করবেন না। খুব শীঘ্রই আমাকে আপনাদের মধ্যে কাজ করতে দেখা যাবে। এই ধরনের আক্রমণ কখনোই আমার মনোবল এবং জনসেবা করার সংকল্পকে ভেঙে ফেলতে পারবে না”।
