ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার সকালে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। সকাল ৯টা ৪ মিনিট নাগাদ হঠাৎই কম্পন অনুভূত হয় দিল্লি, এনসিআর-সহ বিস্তীর্ণ অঞ্চলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৪। কম্পনের উৎসস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর জেলা, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
এই ভূমিকম্পের মান যদিও রিখটার স্কেলে খুব বেশি নয়, তবে অনেকের মতে, সাম্প্রতিক স্মৃতিতে এটাই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী কম্পন। কম্পন টের পেয়েই আতঙ্কিত হয়ে বহু মানুষ বাড়ি-অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন। রাজধানীর বিভিন্ন বহুতল আবাসন ও অফিসে ঝুলন্ত ফ্যান, লাইট, জানালার কাচ কেঁপে ওঠে। গুরুগ্রাম ও নয়ডার অফিসপাড়ায় কম্পিউটার-ডেস্ক কাঁপতে দেখে আতঙ্কিত কর্মীরা বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্পের আঁচ উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তেও টের পাওয়া গেছে। মীরাট ও শামলির বহু বাসিন্দা জানান, সকালবেলায় কম্পন স্পষ্ট অনুভূত হয়েছে। হরিয়ানার সোনিপত, হিসার, গুরুগ্রাম, রোহতক, দাদরি ও বহাদুরগড়ে শক্তিশালী কম্পনের খবর মিলেছে। এনডিআরএফ (NDRF) ইতিমধ্যেই সাধারণ মানুষকে সতর্ক করেছে। আতঙ্কিত না হয়ে সিঁড়ি ব্যবহার করে বাড়ি বা অফিস থেকে বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা ভূমিকম্পের সময় গাড়ি চালাচ্ছিলেন, তাঁদের খোলা জায়গায় দাঁড়িয়ে পড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভৌগোলিক অবস্থানগত কারণে দিল্লি এমনিতেই মাঝারি মাত্রার ভূমিকম্পপ্রবণ এলাকা। ঝাজ্জর অঞ্চলও এর আগে একাধিকবার ভূকম্পনের সাক্ষী হয়েছে।
