ওঙ্কার ডেক্স: ‘বেঙ্গল ফাইলস’ সিনেমা দেখতে ওড়িশায় দিলীপ ঘোষ। খড়গপুর থেকে ট্রেনে চেপে পড়শি রাজ্য ওড়িশায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। জানা যাচ্ছে, দিলীপ ঘোষের সঙ্গে রয়েছেন ৫৫ জন বিজেপির কার্যকর্তা।
প্রসঙ্গত বাংলায় ‘বেঙ্গল ফাইলস’ মুক্তিতে নানান বাধার মুখে পড়তে হচ্ছে। তা নিয়ে সরাসরি তৃণমূল সরকারকে নিশানা করেন দিলীপ ঘোষ। ওড়িশার ট্রেন ধরার আগে, তাঁর অভিযোগ, রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাবের কারণেই বাংলায় রিলিজ হতে দেওয়া হয়নি ‘বেঙ্গল ফাইলসকে’। ‘রাজ্য সরকারের যে স্বৈরাচারী নীতি, তার প্রতিবাদে আমরা বালেশ্বর যাচ্ছি। বেঙ্গল ফাইলস সিনেমা দেখার জন্য। দিলীপ ঘোষের আরও অভিযোগ, সারা দেশে বেঙ্গল ফাইলস মুক্তি পেয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বাংলায় ‘বেঙ্গল ফাইলস’ মুক্তিতে বাধা দিচ্ছে।
রাজ্য সরকার ‘বেঙ্গল ফাইলস’ মুক্তিতে কেন বাধা দিচ্ছে? দিলীপ ঘোষের সাফ জবাব, ‘রাজ্য সরকার সত্যকে ভয় পাচ্ছে। বাঙালির সঙ্গে কী হয়েছে, স্বাধীনতার আগে ও পরে, এখনও চলছে, মানুষ যাতে জানতে না পারে, তাই বাধা দেওয়া হচ্ছে।’ এর পর কার্যত ক্ষোভের সুরে তিনি বলেন, ‘রাজ্য সরকারের এই স্বৈরাচারী মানসিকতার প্রতিবাদেই ১২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে খড়্গপুর থেকে বালেশ্বর যাচ্ছি বেঙ্গল ফাইলস দেখতে।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই গোটা দেশে মুক্তি পেয়েছে বহু চর্চিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘বেঙ্গল ফাইলস’। যদিও বাংলার কোনও প্রেক্ষাগ়ৃহে এখনও দেখা যাচ্ছে না এই ছবি। বাংলায় হল না পাওয়া নিয়েও বিতর্ক শুরু হয়েছে। স্বয়ং পরিচালক বিবেক অগ্নিহোত্রীও অভিযোগ তুলেছেন, সরকারি চাপে নাকি প্রেক্ষাগৃহ পাচ্ছে না ‘বেঙ্গল ফাইলস’। তবে জাতীয় গ্রন্থাগারে প্রদর্শিত হয় ‘দ্য বেঙ্গল ফাইলস’। সাধারণ মানুষের এই শো-তে প্রবেশাধিকার ছিল না। উপস্থিত ছিলেন সস্ত্রীক পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বাংলায় এই ছবি মুক্তি নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। আদালতে আর্জি জানানো হয়েছে, বঙ্গেও দেখানো হোক বেঙ্গল ফাইলস। অন্যদিকে, খোদ গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠাকে বিকৃত করার অভিযোগে পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁর নাতি। ‘বেঙ্গল ফাইলস’ দিলীপ ঘোষের এখন কেমন লাগে সেটাই দেখার।
