ওঙ্কার ডেস্ক: এইচ-১বি ভিসার অপব্যবহার হচ্ছে, আর তার ফলে সুবিধা লাভ করছে ভারত। এমনটাই অভিযোগ ট্রাম্প প্রশাসনের। ওয়াশিংটনের দাবি, মার্কিন মুলুকে সেদেশের তরুণদের ভাল বেতনের চাকরিগুলি ভারতের লোকজন দখল করে নিচ্ছে। মার্কিন শ্রম দফতরের তরফে প্রকাশ করা একটি বিজ্ঞাপনে এই দাবি করা হয়েছে।
৫১ মিনিটের ওই বিজ্ঞাপনী ভিডিয়োতে দেখানো হয়েছে, কোন কোন দেশ এইচ-১বি ভিসার সুবিধা পেয়ে থাকে। ট্রাম্প প্রশাসনের দাবি, এইচ-১বি ভিসা পাওয়ার নিরিখে অন্যান্য দেশগুলির তুলনায় এগিয়ে রয়েছে ভারত। পরিসংখ্যান অনুযায়ী এইচ-১বি ভিসা প্রাপকদের ৭২ শতাংশ ভারতীয়। ১২ শতাংশ চিনের মানুষ। ১ শতাংশ ফিলিপিন্স এবং কানাডার। তবে এই ব্যবস্থা বদলাতে চান মার্কিন প্রেসিডেন্ট। তার জন্য ‘প্রোজেক্ট ফায়ারওয়াল’ নামে নতুন কর্মসূচি শুরু করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম দফতর। বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, এর ফলে মার্কিন তরুণরা চাকরি পাবেন। যার ফলে তাঁদের হারানো সোনালী ভবিষ্যত পুনরুদ্ধার হবে। পাশাপাশি যে সমস্ত সংস্থা এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশের তরুণ তরুণীকে নিয়োগ করছে, তাদেরকে জবাব দিতে হবে বলেও ওই বিজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে অবৈধ ভাবে থেকে যাওয়া ভারতীয়দের এর আগে সে দেশ থেকে বহিস্কার করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড। এইচ-১বি ভিসা নিয়ে আগেই কড়াকড়ির ইঙ্গিত দিয়েছিলেন তিনি। দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করলে মার্কিন সংস্থাগুলির কাছ থেকে ৮৮ লক্ষ টাকা নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
