ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয় গত জুলাই মাসে নরওয়ের বাণিজ্য মন্ত্রী জেন্স স্টলেনবার্গের সঙ্গে ফোনে শুল্ক নিয়ে আলোচনার সময় ট্রাম্প নিজেই নিজের জন্য নোবেল পুরস্কার চেয়ে বসেন। শান্তির জন্য নোবেল পুরস্কার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন। এই আবহে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম বিশেষ শর্তে মনোনীত করতে চান বলে জানালেন হিলারি ক্লিন্টন।
এক পডকাস্ট সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন বিদেশমন্ত্রী এবং ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন, এবং ইউক্রেনকে তার জমি ছাড়তে না হয়।’ এর পর তাঁর সংযোজন, ‘তাহলে আমি নিজেই তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেব।’ উল্লেখ্য, ভারতীয় সময় শুক্রবার রাতে আলাস্কায় মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বৈঠকের আগেই শুক্রবার প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী এই মন্তব্য করেন।
প্রসঙ্গত, আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট পুতিন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তাঁর দাবি ২০২২ সালে মার্কিন প্রেসিডেন্টের আসনে যদি ডোনাল্ড ট্রাম্প থাকতেন, তাহলে রাকশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধত না। কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথা শোনেননি বলে অভিযোগ পুতিনের। আর সে কারণেই ইউক্রেনে আক্রমণ করতে বাধ্য হয় রাশিয়া।
