ওঙ্কার ডেস্ক: গত রবিবার মার্কিন সেনা বাহিনী ইরানের তিন পরমাণুঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করেছিল। খামেনিই এর দেশের যে তিন পরমাণুঘাঁটি আক্রান্ত হয়েছিল সেগুলি হল ফোর্দো, নাতাঞ্জ, ইস্ফাহান। এই তিন পারমাণবিক ঘাঁটিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে সম্পূর্ণ তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে মার্কিন গোয়েন্দারা দাবি করেছিলেন ট্রাম্প বাহিনীর হানায় ইরানের তিন পরমাণু কেন্দ্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। এই হানার ফলে তেহরানের পরমাণু কর্মসূচি কয়েক মাস পিছিয়ে গিয়েছে কেবলমাত্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে দাবি করেছেন ‘সফল ভাবে’ ইরানের তিন পরমাণুকেন্দ্রে আঘাত হেনে ধ্বংস করা হয়েছে সেগুলি।
মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতে দাবি করা হয়েছে, মার্কিন আঘাতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ইরানের পরমাণুঘাঁটিগুলি। পরমাণুকেন্দ্রের ‘সেন্টিফিউজগুলি মূলত ‘অক্ষত’ই রয়েছে। কিন্তু গোয়েন্দাদের উল্টো পথে হেঁটে মার্কিন প্রেসিডেন্ট নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইজরায়েল এবং ইরান, উভয়ই সমান ভাবে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল। সমস্ত পরমাণুঘাঁটি ধ্বংস করা এবং তার পরে যুদ্ধ বন্ধ করা আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল!’
প্রেসিডেন্টের এমন মন্তব্যকে সমর্থন করে হোয়াইট হাউসও। গোয়েন্দাদের রিপোর্টকে ভুল বলে অভিহিত করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতি দেন। তাতে তিনি বলেন, ‘এই ধরনের রিপোর্ট ফাঁস হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার সমান। শুধু তাই নয়, যে সব সাহসী মার্কিন সেনারা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করেছেন, তাঁদের অসম্মান করার চেষ্টা।’
