ওঙ্কার ডেস্ক: আগেই ভারতের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে নয়াদিল্লি বাণিজ্য করার কারণে বুধবার আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে ভারতীয় পণ্যে মোট মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশ। শুল্ক চাপানোর কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই আবহে ফের ভারতকে চাপে ফেলতে নতুন করে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, শুল্ক নিয়ে নয়াদিল্লির সঙ্গে রফা না হওয়া পর্যন্ত কোনও বাণিজ্যিক আলোচনা আর হবে না।
হোয়াইট হাউসে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন মার্কিন প্রেসিডেন্টকে। তার মাঝে এক সাংবাদিক বাণিজ্য আলোচনা নিয়ে প্রশ্ন করেন, সেই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যতক্ষণ না এটা মিটছে, ততক্ষণ কোনও বাণিজ্য আলোচনা হবে না’। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যে ভারতের পাঁচ বার আলোচনা হয়েছে। বাণিজ্য চুক্তির জন্য হওয়া সেই বৈঠক থেকেও কোনও সমাধান সূত্র মেলেনি। চলতি মাসের শেষের দিকে ষষ্ঠ রাউন্ডের বৈঠক ভারতে হওয়ার কথা। কিন্তু তার আগেই সেই বৈঠক ভেস্তে দিলেন ট্রাম্প নিজেই।
উল্লেখ্য, এর আগে ভারতের পণ্যে বাড়তি শুল্ক চাপানোয় প্রতিক্রিয়া জানিয়েছে বিদেশ মন্ত্রক। ট্রাম্পের শুল্ক চাপানো নিয়ে বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, ‘অন্যায্য, অযৌক্তিক এবং অবিবেচকের মতো সিদ্ধান্ত। ভারত আগেও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, বাজারের পরিস্থিতি এবং ১৪০ কোটি ভারতবাসীর জ্বালানির নিরাপত্তার কথা মাথায় রেখেই রাশিয়া থেকে তেল আমদানি করা হয়।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৃহস্পতিবার বলেছেন, ‘কৃষক, পশুপালনকারীদের স্বার্থ আমাদের কাছে সবার আগে।’
