নিজস্ব সংবাদদাতা, নদিয়া: যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচাতে বড় সাফল্য পেল রানাঘাট পুলিশ জেলার তাহেরপুর থানা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মিঠুন জোয়ার্দার, বাড়ি তাহেরপুর থানার বাদকুল্লা পালপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালি থানার জালালখালি মুসলিম পাড়ার এক মাদক ডিলারের কাছ থেকে কয়েক হাজার টাকায় ২০০ পিস হেরোইনের পুরিয়া কিনেছিল। উদ্দেশ্য ছিল বাদকুল্লা ও তাহেরপুর এলাকায় চড়া দামে বিক্রি করা।
পরিকল্পনা অনুযায়ী একটি টোটোতে করে বাদকুল্লা রেল স্টেশন পাড়ায় বিক্রির জন্য দাঁড়িয়েছিল সে। আগে থেকেই জাল বিছিয়ে রেখেছিল পুলিশ। রানাঘাট জেলা পুলিশের তত্ত্বাবধানে অফিসার ও ফোর্স নিয়ে গঠিত রেড পার্টি হানা দিয়ে হাতেনাতে ধরে ফেলে তাকে। তার কাছ থেকে হেরোইন ছাড়াও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ধৃতের বিরুদ্ধে তাহেরপুর থানায় মামলা রুজু করা হয়েছে। তাকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
জানা গেছে, কিছুদিন আগে তাহেরপুর থানা দুই মহিলাকে হেরোইন সহ গ্রেফতার করেছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই এই চক্রের খোঁজ মেলে। দীর্ঘদিন ধরেই স্থানীয়দের অভিযোগ ছিল, বাদকুল্লা ও তাহেরপুর এলাকার বহু যুবক-যুবতী এই মারণ নেশায় আসক্ত হয়ে পড়ছে। পুলিশের এই অভিযানে স্বস্তি ফিরেছে এলাকায়।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের শিকড় কতদূর ছড়িয়ে এবং এর মূল পাণ্ডা কে, তা জানার চেষ্টা করছে পুলিশ।