নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সপ্তমীর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনার পর চোরবাগান সর্বজনীনের দুর্গা প্রতিমা নিরঞ্জন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান হল শনিবার। সিটের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী প্রতিমা নিরঞ্জনে আপত্তি নেই বলে জানানোর পরই নিরঞ্জনের সিদ্ধান্ত নেয় পুজো কমিটি।
শনিবার দুপুর ২টো নাগাদ চোরবাগানের মণ্ডপ থেকে প্রতিমা বের করা হয়। এর জন্য ৪০ জন কুলিকে আনা হয়েছিল। তদন্তের স্বার্থে মণ্ডপের মূল কাঠামো অক্ষত রেখেই প্রতিমা বের করেন তাঁরা।
প্রতিমা বের করার পর কিছুক্ষণ সেন্ট্রাল অ্যাভিনিউতে রাখা হয়। সেখানে ভিড় করেন এলাকার বাসিন্দারা। এবার কোনও বরণ বা সিঁদুর খেলা ছাড়াই নিরঞ্জন হচ্ছে। বাসিন্দাদের অনেকেই বলেন, “এবার বরণ হল না, সিঁদুর খেলাও হল না। পুজোয় কোনও ভুল ত্রুটি থেকে গেল কি না জানি না। মা ক্ষমা করে দিও।”
তাঁদের দাবি, সপ্তমীর সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নামার পরই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, দশমী পেরিয়ে গেলেও প্রতিমা নিরঞ্জন নিয়ে ধোঁয়াশা ছিল। বৃহস্পতিবার মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন সিটের প্রধান অনিন্দিতা রায় সরস্বতী। তিনি জানান, প্রতিমা নিরঞ্জনে কোনও আপত্তি নেই, তবে তদন্তের জন্য মণ্ডপ হুবহু একইভাবে রাখতে হবে। সেই নির্দেশ মেনেই শনিবার প্রতিমা নিরঞ্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়, আহত হন বহু। এই ঘটনায় দুই ঘোষক-সহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে দুটি পৃথক সিট গঠন করা হয়েছে, যার একটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী।