নিজস্ব প্রতিনিধি, আসানসোল : আসানসোলের অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় পুজো হল- ধেমোমেন কোলিয়ারি সর্বজনীন দুর্গাপুজো। প্রতি বছরই এই পুজো অসাধারণ ও মনমুগ্ধকর থিমের মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের চমকে দেয়। এবছর তাদের ৫৪তম দুর্গাপুজো। এবারের থিম অযোধ্যার রাম মন্দির। এ বছর এই পুজোর বাজেট ৪৮ লক্ষ টাকা। মন্ডপকে আকর্ষণীয় করতে লাগানো হয়েছে লেজার লাইট। নিখুঁত কারুকার্য ও আলোকসজ্জার মাধ্যমে পুরো মণ্ডপ চত্বরকে রাম মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হয়েছে।
উৎসবের দিনগুলিতে মণ্ডপটি বর্ণিল স্পটলাইট এবং রঙিন আলোয় সেজে ওঠে। সেই সঙ্গে দর্শনার্থীদের জন্য বিশেষ লাইট শো বা আলোক প্রদর্শনীরও আয়োজন করা হয়। ধেমোমেন কোলিয়ারি কমিটি প্রতি বছরই তাদের থিমে বৈচিত্র্য বজায় রাখে। উদাহরণস্বরূপ, ২০২৪ সালে তাদের থিম ছিল মুম্বইয়ের বিখ্যাত তাজ হোটেল। ২০২৩ সালে ছিল দুবাইয়ের বুর্জ খলিফা।
এই পুজোটি আসানসোলের নিয়ামতপুরের কাছে ধেমোমেন কোলিয়ারি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। আসানসোল অঞ্চলের মণ্ডপ হোপিং তালিকার একেবারে প্রথম সারিতে থাকে এই পুজো। পূজা উদ্যোক্তাদের অন্যতম সদস্য বি কে যাদব বলেন তৃণমূল সরকারের আমলে এই পুজোকে কেন্দ্র করে রাবণ রাজত্ব চলত। বর্তমানে সেই রাজত্বের পতন হয়েছে। রাম রাজত্ব শুরু হয়েছে। তাই নতুন সরকারের প্রথম বছর অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। তিনি বলেন, এই পুজো দেখতে হাজার হাজার দর্শনার্থী আসেন। বিগত দিনে অন্যতম অভিযোগ ছিল দর্শনার্থীদের গাড়ি পার্কিং বাবদ মোটা টাকা নেওয়ার, কিন্তু এ বছর থেকে এটা আর হবে না। এ বছর ন্যূনতম মূল্যে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। কুলটির বিধায়ক তথা মন্ত্রী ডা. অজয় পোদ্দার এই পুজোয় শান্তি বজায় রাখার আহ্বান জানান।