ওঙ্কার ডেস্ক: ভূমিকম্পে বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। রাজধানী শহর ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা ভূমিকম্পে কেঁপে উঠেছে শুক্রবার সকালে। কম্পন অনুভূত হয়েছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়ও। তবে এপার বাংলায় ক্ষয়ক্ষতি তেমন না হলেও ইউনুসের দেশে অপূরণীয় ক্ষতি হয়েছে। ছয় জন মানুষের প্রাণ যাওয়ার পাশাপাশি জখম হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, পুরানো ঢাকার বংশালে একটি বহুতলের রেলিং ভেঙে তিন পথচারীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয়েছে এক বছরের এক শিশুরও। আহত অবস্থায় শিশুটির মা এবং এক আত্মীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। ঢাকা থেকে ৭০ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী থেকে এই কম্পন ছড়িয়েছে। যদিও মার্কিন ইউএসজিএসের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৫।
এদিন ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকার একাধিক বহুতল। বহু বহুতলে ফাটল, ধস দেখা গিয়েছে। বিপজ্জনক ভাবে হেলে পড়েছে একাধিক বাড়ি। ঢাকা, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালি, বগুড়া, বরিশাল, মাগুরা, মৌলভীবাজারে এদিন কম্পন অনুভূত হয়। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনের অভিঘাতে প্রাণ গেল ছয় জনের। এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি কত হয়েছে তার পরিমাণ খতিয়ে দেখছে বাংলাদেশ প্রশাসন।
