ওঙ্কার ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। কম্পনের মাত্রা ছিল ৭.৬। সোমবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ এই কম্পন হয় বলে জানা গিয়েছে। এদিন ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর জাপানের মিসাওয়া থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে। বিপর্যয়ের ফলে ৩৩ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৫৩.১ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। স্থানীয় আবহাওয়া দফতরের তরফে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মূলত জাপানের উত্তর-পূর্ব উপকূলে এই সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দেশটির উত্তর-পূর্ব উপকূলের হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে সুনামি হতে পারে। ১০ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে সমুদ্রের ঢেউ। বিপর্যয়ের আশঙ্কায় উপকূলবর্তী এলাকাগুলিতে মানুষজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে সামিল হয়েছে। ভূমিকম্পের পর বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জাপানের পারমাণবিক কেন্দ্রগুলিতে। পর্যবেক্ষকদের মতে, ১৪ বছর আগের ফুকুশিমার ভয়ানক স্মৃতি ফিরতে পারে এই ভূমিকম্পে।
উল্লেখ্য, জাপানের পূর্ব উপকূলে সুনামি আছড়ে পড়েছিল ২০১১ সালে। ফুকুশিমা আণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সময়। ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত জাপান। বছরের বিভিন্ন সময়ে ভূমিকম্প লেগেই থাকে দেশটিতে। তবে সেই সমস্ত কম্পন বেশিরভাগ মৃদু।
