অঞ্জন চট্টোপাধ্যায়
ফয়সালা হল না। কলকাতা লিগ থেকে ছিটকে যেতে যেতে ক্ষীণ আশা টিকে রইল ইস্টবেঙ্গলের। শেষ মুহূর্তে আকাশের গোলে কলকাতা লিগের মিনি ডার্বি ১-১ ব্যবধানে ড্র করল ইস্টবেঙ্গল। আর মোহনবাগানও ঘরের মাঠে ইউনাইটেডের কাছে ১-১ গোলে আটকে গেলো। এ বার ফয়সালা হবে শেষ রাউন্ডের ম্যাচে। মোহনবাগান খেলবে মহমেডানের বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কোল ইন্ডিয়া।এদিন প্রথম ১০ মিনিট আধিপত্য নিয়ে খেলে মহামেডান। এমন মুহূর্ত এসেছে, যেখান থেকে এগিয়ে যেতে পারত তারা। তবে ১৩ মিনিটে বিজয় মুর্মুর দূরপাল্লার শট রুখে দেন মহামেডান গোলকিপার নিখিল ডেকা। বাকি সময় বলার মতো কিছু হয়নি। দুই দলের আক্রমণে তেমন ধার ছিল না। তবে ৪০ মিনিটে মহামেডানের শট রুখে দেন ইস্টবেঙ্গল গোলকিপার গৌরব সাউ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।৫৫ মিনিটে কর্নার থেকে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল লাল-হলুদের।
তবে খেলার গতির বিরুদ্ধে গিয়ে লালথান কিমার গোলে ৬৯ মিনিটে এগিয়ে যায় মহামেডান। যদিও আকাশ হেমব্রমের শেষ মুহূর্তের ৯৫ মিনিটে গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। অন্যদিকে চোটের জন্য ঘরের মাঠে লিস্টন কোলাসোকে ছাড়াই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে নামে মোহনবাগান । লেফট উইংয়ে শুরু থেকে খেললেন অভিষেক সিং। আপুইয়াকে রিজার্ভ বেঞ্চে রেখেছিলেন বাস্তব রায়। অন্যদিকে, ডার্বিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ইস্টবেঙ্গলের মনোতোষ মাঝি। আন্তঃরেল খেলা থাকায় এই ম্যাচে লাল-হলুদ পায়নি চাকু মান্ডি ও অঙ্কন ভট্টাচার্যকে। কার্ড সমস্যা মিটিয়ে ফিরছেন বিজয় মুর্মু।৪ মিনিটে বাঁ-পায়ে শট নিয়েছিলেন সাহাল আবদুল সামাদ।
ইউনাইটেড ফুটবলারদের পায়ে লাগায় গোল আসেনি। ২৩ মিনিটে এই সামাদের গোলেই এগিয়ে যেতে পারত সবুজ-মেরুন। সুবর্ণ সুযোগ নষ্ট করেন ২৯ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার। ২৮ মিনিটে দীপক টাংরির দূরপাল্লার শট দুরন্ত দক্ষতায় বাঁচান ইউনাইটেড গোলকিপার সৌরভ সামন্ত। প্রথমার্ধে নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে খেললেও গোলের দেখা পায়নি মোহনবাগান। ৫৫ মিনিটে এ হেন সন্দীপেরই দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট। তবে এই অর্ধে ইউনাইটেডও আক্রমণে উঠে আসে। ৬১ মিনিটে কিয়ানের থ্রু বল থেকে গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন মনবীর। তবে টার্ন নিতে গিয়ে ভারসাম্য হারান। ফলে গোলকিপারকে একা পেয়েও খালি হাতে ফিরতে হয় তাঁকে। এরপর একাধিকবার আক্রমণ শানালেও কিছুতেই ডেডলক ভাঙেনি মোহনবাগানের। ৮৯ মিনিটে প্রায় নব্বই ডিগ্রি ঘুরে শট নিয়েছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। বাঁচান ইউনাইটেড গোলকিপার। পরের মিনিটেই সন্দীপ মালিকের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৪ পয়েন্ট নিয়ে লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে শীর্ষে সাদা-কালো ব্রিগেড।
ইউনাইটেডের সঙ্গে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানেই থাকল মোহনবাগান। টানা দুই ম্যাচ ড্র করে ইউনাইটেড স্পোর্টস ২ পয়েন্ট নিয়ে তৃতীয়। দুই ম্যাচে ড্র করে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ ইস্টবেঙ্গল। গোল পার্থক্যতে মোহনবাগান এগিয়ে ফলে শেষ ম্যাচ মিনি ডার্বি ড্র করলে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে।