স্পোর্টস ডেস্ক: সম্মানের ধ্বজা উড়িয়ে বিদেশ থেকে ফিরছে ইস্টবেঙ্গল। এফসি চ্যাম্পিয়ন্স লিগে ওমানের আল সিবের সঙ্গে গোলশূন্যভাবে খেলা শেষ করল লাল হলুদ বাহিনী। রীতিমতো উপভোগ্য লড়াইয়ে দুই দলই বেশ কয়েকবার গোল করার মত সম্ভাব্য সুযোগ সৃষ্টি করেছিল। মূলত আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় এদিন ইস্টবেঙ্গল গোল পায়নি। প্রভ সুখন গিলের পরিবর্তে এদিন হাবাস সুযোগ দেন ইস্ট বেঙ্গলের দ্বিতীয় গোলরক্ষক লাচেন পাকে। অনবদ্য খেলে বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন রোধ করেন এই মিজো যুবক।
এদিন প্রথম একাদশের বেশ কয়েকজনকে বাইরে রেখেই দল সাজান হাবাস। বোঝাই যাচ্ছে দলের খেলোয়ারদের ফিট রাখাই হাবাসের একমাত্র উদ্দেশ্য। কারণ আই এস এল এবং এ এফ সি টুর্নামেন্টের মত দুটো কঠিন প্রতিযোগিতায় ইস্ট বেঙ্গলকে খেলতে হচ্ছে। না জিতলেও ইস্টবেঙ্গল খেলোয়াড়দের নাছোড়বান্দা লড়াই কিন্তু সকলের প্রশংসা কুড়িয়েছে।