স্পোর্টস ডেস্ক: ১৪ নভেম্বর কলকাতা পা রাখতে চলেছেন ব্রাজিলের আর এক তারকা ফুটবলার ইন্টার মিলানের হয়ে খেলা ডগলাস মাইকন। তবে মাইকনের এই কলকাতা সফর নিছক অতিথি হিসেবে বা কোনও প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশগ্রহণের জন্য নয়। কিং স্পোর্টস ম্যানেজমেন্টের তরফে মাইকেনের এই সফরকে ভারতীয় ফুটবলের উন্নতির মাইলস্টোন হিসেবে তুলে ধরার প্রচেষ্টার একটা ধাপ। উদ্দেশ্য থাকবে ভারতীয় ফুটবল প্রতিভা খুঁজে বের করে তাদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া।

মাইকন সম্পর্কে নতুন করে পরিচিত দেওয়র দরকার নেই। সকলেরই জানা ২০১০ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে রাইটব্যাকে তাঁর উপস্থিতি, আক্রমণে যাওয়া ও গোল করার ক্ষমতা কতটা ছিল। হোসে মোরিনহোর ত্রিমুকুট জয়ী ইন্টার মিলান দলের অপরিহার্য ফুটবলার ছিলেন মাইকন। ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিভার অন্বেষণ, অ্যাকাদেমি গঠনের পাশাপাশি ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের অঙ্গ হিসেবে মাইকনকে কাজে লাগাতে এই উদ্যোগ নিয়েছে স্পোর্টস ম্যানেজমন্ট সংস্থাটি। মিশন ২০৩৭ কে সামনে রেখে এই উদ্যোগ চলবে। যাতে প্রতিভাবান ফুটবলাররা ইউরোপ ও অন্যান্য দেশের নামী ফুটবল ক্লাবে খেলার সুযোগ পান। কলকাতায় ২ দিনের সফরে মাইকন এর বাইরে স্পোর্টস বিজনেস ও রিপ্রেজেন্টশনের ওপর নতুন ডিপ্লোমা কোর্স চালুতে অংশ নেবেন ১৪ নভেম্বর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানে।