ওঙ্কার ডেস্ক: এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন। এবার কমিশনের কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে নতুন ও যোগ্য ভোটারদের খোঁজ করবেন। যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, মূলত সেখানেই এই বিশেষ অভিযান চালানো হবে। বিশেষ নজর থাকবে তালিকা থেকে বাদ পড়া তরুণ ভোটারদের দিকে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলা, বিহার-সহ ওই ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে নাম নথিভুক্তির কাজ শুরু হবে। এসআইআর চলাকালীন কোনও কারণে যাঁরা নাম তুলতে পারেননি, তাঁরাও এবার সুযোগ পাবেন। যোগ্য হওয়া সত্ত্বেও যাঁদের নাম তালিকায় ওঠেনি, তাঁরাও এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। তাঁদের ফর্ম ৬ পূরণ করে নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ দেওয়া হবে। এই বিষয়ে প্রত্যেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও, নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ইআরও এবং সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা এইআরও-দের নির্দেশ দেওয়া হয়েছে।
এসআইআর-এর শুরুতে যেভাবে বুথ লেভেল অফিসার বা বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছিলেন, এবারও একই ভাবে তাঁরা বাড়িতে পৌঁছবেন। কোনও পরিবারের যোগ্য সদস্যের নাম তালিকা থেকে বাদ পড়েছে কি না, তা খতিয়ে দেখবেন তাঁরা। প্রত্যেক ভোটারের বর্তমান অবস্থাও যাচাই করবেন বিএলওরা। কোনও যোগ্য ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গেলে তাঁকে চিহ্নিত করা হবে। এরপর তাঁর ফর্ম ৬ পূরণের ব্যবস্থা করবেন বিএলওরা। আগামী এক মাস ধরে এই বিশেষ অভিযান চলবে। নতুন ভোটারদের নাম তালিকায় যুক্ত করার উপরই এই উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।