ওঙ্কার ডেস্কঃ আর জি কর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার ইডির বিশেষ আদালতে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। সন্দীপ ঘোষ ছাড়াও অভিযুক্ত বিপ্লব সিংহ ও সুমন হাজরার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি।
আর জি কর কাণ্ডের সময় সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইডির তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আখতার আলি। সেকারণেই সিবিআইয়ের পাশাপাশি ইডিও তদন্ত শুরু করে। নিউটাউনে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে সহ একাধিক জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। একে একে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ ও সুমন হাজরারা।
২০২৫ সালের জানুয়ারি মাসে আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় হাই কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে ইডি। দীর্ঘ তদন্তের পর শুক্রবার এই মামলায় প্রথম চার্জশিট পেশ করল ইডি।
এদিকে, শুক্রবারই এই মামলায় ‘হুইসল ব্লোয়ার’ আখতার আলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিবিআই আদালত। তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন বিচারক। ইডি তাঁকে গ্রেপ্তার করে কিনা, সেই দিকেই এখন নজর।
