অর্পিতা মুখার্জী, কলকাতা: কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় শুক্রবার সকাল থেকে কলকাতা ও হাওড়ায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ‘কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড’ এবং ‘কোহিনুর গ্রুপে’র বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগে এই অভিযান চলছে বলে খবর সূত্রের।
ইডি সূত্রে খবর, লেকটাউন, হাওড়া ও উত্তরপাড়া-সহ মোট চারটি ঠিকানায় একযোগে তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় ঢুকেছেন। এর মধ্যে হাওড়ার শিবপুরে জিটি রোডে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শচীন জৈনের বিলাসবহুল আবাসনেও হানা দিয়েছে ইডি।
অভিযোগ, ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। সেই টাকা কোথায় গেল, কীভাবে ব্যবহার হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মামলায় এর আগেও লেনদেন ও ভুয়ো নথি নিয়ে প্রশ্ন উঠেছিল। সংস্থার আর্থিক লেনদেন, ব্যালেন্স শিট এবং সংশ্লিষ্ট সিএ-র ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গত দু’দিন ধরে রাজ্যে ইডির সক্রিয়তা বেড়েছে। এর আগে বুধবার দুর্গাপুজোর পাস বিক্রিতে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহারর করে কোটি কোটি টাকা তোলার অভিযোগে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। পুলিশের দাবি, ২০২৫ সালে ইউনেস্কোর সঙ্গে চুক্তি হলেও ২০২২ সাল থেকেই মাস আর্ট সংস্থা পাস বিক্রি করেছে, যার সঙ্গে ইন্দ্রনীলের স্ত্রীর যোগ রয়েছে বলেও মনে করছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালত তাঁকে ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে।