নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দু’বার দুই হাই-প্রোফাইল কেন্দ্রে পরাজিত করাই তাঁর রাজনৈতিক জীবনের বড় অর্জন বলে মনে করেন শুভেন্দু অধিকারী। বারুইপুরের মঞ্চ থেকে সেই প্রসঙ্গ তুলে তিনি জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে যে কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁকে হারাতে প্রস্তুত তিনি।
শুক্রবার বারুইপুরে আয়োজিত বিজেপির গণতন্ত্র রক্ষার সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চ থেকেই তিনি একযোগে নিশানা করেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডায়মন্ড হারবার আসন নিয়েও ছুড়ে দেন খোলা চ্যালেঞ্জ।
সভায় জেলার বিধায়ক থেকে শুরু করে মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার এবং জয়নগর সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে শুভেন্দু বলেন, একটা সময় বাম শাসনের বিরুদ্ধে লড়াই করতেই তৃণমূল তৈরি হয়েছিল, সে কথা অটলজিও জানতেন। আজ সেই দলই সিপিএমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। বামেদের সাধারণ সম্পাদক ও মমতাকে এক বন্ধনীতে রেখে তাঁর মন্তব্য, এখন তাঁরা এক টেবিলে বসে চা পান করছেন। বাংলায় আর স্থান নেই, দিল্লির রামলীলা ময়দানে যাওয়া উচিত বলেও কটাক্ষ করেন তিনি।
অভিষেকের প্রসঙ্গ টেনে নাম না করেই ‘কাঁচা বয়সে পেকে যাওয়া ভাইপো’ বলে আক্রমণ করেন। ফলতায় ভোট প্রচারে ইলেকট্রিক চুল্লি নিয়ে মন্তব্য, গোটা জেলায় একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং পঞ্চায়েতে বিরোধীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। সাংসদের অনুপস্থিতি এবং পুজোয় আমন্ত্রণ না পাওয়া নিয়েও খোঁচা দেন।
শেষে তিনি বলেন, ‘‘বড় জনের যাওয়ার সময় নিয়ে আপনাদের মনে প্রশ্ন আছে। সব কিছু সময় মেপেই করতে হয়। তিনি যাবেন, চিন্তা করবেন না।’’