নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: দলীয় কোন্দল এবার রাস্তায়। ব্যারাকপুরে বিজেপির দুই বিধায়কের বিবাদ চরমে। শুক্রবার নীলগঞ্জে নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী।
এদিন দুপুরে কৃষি ও পাট গবেষণা কেন্দ্রের একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন কৌস্তুভ। অভিযোগ, সেখানেই আগে থেকে প্ল্যাকার্ড হাতে জড়ো হন একদল বিজেপি কর্মী। কৌস্তুভের গাড়ি বেরোনোর সময় তাঁরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ।
এর নেপথ্যে রয়েছে মণীশ শুক্ল খুনকাণ্ড। বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যায় অভিযুক্তদের সঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের ছবি সামনে আসার পর ক্ষোভ উগরে দিয়েছিলেন কৌস্তুভ। সেই মন্তব্যের প্রতিবাদেই এদিনের বিক্ষোভ বলে দাবি বিক্ষোভকারীদের।
গত কয়েকদিন ধরেই ব্যারাকপুরে কৌস্তুভ বনাম অর্জুন — দুই শিবিরের লড়াই প্রকাশ্যে। বিজেপিতে যোগদান নিয়ে যে নেতাদের বিরুদ্ধে আত্মাহুতি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কৌস্তুভ, তাঁদেরই বাড়িতে বিজয়ার মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন অর্জুন ঘনিষ্ঠরা। এবার সরাসরি বিধায়ককে ঘিরে বিক্ষোভ।
বিক্ষোভ নিয়ে কৌস্তুভের সাফ জবাব, ‘‘যারা বিক্ষোভ দেখাল, তারা তৃণমূলের লোক। ভোটের ফল বেরোনোর পর ৪ তারিখের পর বিজেপি সেজেছে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘হাতি চলে বাজার… ওদের ভালবাসি, তাই বেশি কিছু বললাম না।’’
পাশাপাশি অর্জুনকে কটাক্ষ করে কৌস্তুভ বলেন, ‘‘আমার সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না। আমি মঞ্চে থেকে টিকিট না পেয়ে দল বদলাইনি।’’ তিনি মনে করিয়ে দেন, ২০২৪-এর মার্চে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় দেখা গিয়েছিল অর্জুনকে, তার পরেই তিনি বিজেপিতে যোগ দেন।