মার্কিন তরুণ সমাজ কেন ভারত বিদ্বেষী
সম্প্রতি একটি সম্ভাব্য গণহত্যার ঘটনা রুখে দিল আমেরিকার ইলিন পুলিশ। সন্দেহভাজন আলেকজান্দ্রোস পাপোরাকিসকে চটজলদি গ্রেফতারে করায় এই ঘটনা থেকে মুক্তি পাওয়া গেছে বলে পুলিশের অভিমত। পাপোরাকিসের বয়স মাত্র ১৯ বছর। ক্যাশিয়ারের কাজে নিযুক্ত ছিল শিকাগোর শহরতলি প্যালাটাইনের ‘টাকো বেল’ রেস্তোরাঁয়। জানা গেছে, ওই মার্কিন কিশোরটি হোয়াইট সুপ্রিমাসিস্ট। অর্থাৎ শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী। যে দিন সে আমেরিকার একটি মন্দিরে হামলার চেষ্টা করে, সেদিনই তাকে গ্রেপ্তার করা হয়। সরকারি কৌঁসুলিদের কথায় জানা গেছে, পাপোরাকিস নাকি তার সহকর্মীদের বলেছিল যে, ভারতীয়দের হত্যা করার জন্য সে আর অপেক্ষা করতে পারছে না। অভিবাসন এবং দক্ষ কর্মী ভিসাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের বিরুদ্ধে যে বৈরিতা বাড়ছে, তার মধ্যেই এই ঘটনাটি সামনে এল। যদিও এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। আমেরিকায় ভারত বিদ্বেষী এমন প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ফলে এই প্রবণতা বুঝিয়ে দিচ্ছে যে, অর্থনৈতিক সমৃদ্ধি মানেই যে সামাজিক ক্ষেত্রে গোঁড়ামি বা বিদ্বেষ থেকে সুরক্ষা পাওয়া যাবে—এমনটা আর নিশ্চিত নয়। বিশেষ করে তরুণ মার্কিনিদের মধ্যে মাথাচাড়া দিচ্ছে এই জেনোফোবিয়া।
কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় সম্প্রদায়কে একটি “আদর্শ সংখ্যালঘু” হিসেবে গণ্য করা হতো। তার উচ্চশিক্ষা, ব্যবসায়িক সাফল্য এবং আমেরিকান সমাজের মূলধারার সঙ্গে চমৎকারভাবে মিশে গিয়েছিল। কিন্তু এই ইতিবাচক ভাবমূর্তিতে এখন ফাটল ধরেছে। তার জায়গায় ক্রমেই বাড়ছে আক্রোশ, অনলাইনে হয়রানি এবং কাঠামোগত কুসংস্কার। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং বিভিন্ন সামাজিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, দক্ষিণ এশীয় ও হিন্দু বংশোদ্ভূত ব্যক্তিদের ওপর ঘৃণামূলক অপরাধের হার ক্রমাগত বাড়ছে। এটি আমেরিকায় ভারতীয়দের নিরাপত্তা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। নানা ভাবে প্রকাশ পাচ্ছে ভারত-বিদ্বেষী ও হিন্দু-বিদ্বেষী মনোভাব। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা এখন প্রায়শই জনসমক্ষে আক্রমণের শিকার হচ্ছেন। বড় বড় শহরগুলোতে এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে তাদের নিজের দেশে ফিরে যেতে বলা হচ্ছে। মার্কিনিদের যুক্তি, তারা তাদের চাকরি কেড়ে নিচ্ছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মার্কিনিদের এই মনোভাব কী বদলানো সম্ভব ? সম্প্রতি সামাল দেওয়া সম্ভব ? এমন জটিল পরিস্থিতি “আমেরিকানদের চাকরি কেড়ে নিচ্ছে”। ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি কর্মী বা শিক্ষার্থীদের ওপর হামলার মতো ঘটনাগুলো তাদের ক্রমবর্ধমান অসহায়ত্বকেই সামনে নিয়ে এসেছে। হোয়াইট সুপ্রিমাসিস্ট বা শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী আলেকজান্দ্রোস পাপোরাকিসর গ্রেফতারের পর সমগ্র মার্কিন তরুণ সমাজের সাম্প্রতিক মনোভাব কোন খাতে বইছে তা ফের সামনে নিয়ে এল।