রাজ্যে নতুন সরকার আসতেই পুরভোটের জট খুলছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শীতের শুরুতেই কলকাতা-সহ সাতটি পুরসভায় ভোট হতে চলেছে। ২৭ বা ২৮ অক্টোবর বিজ্ঞপ্তি জারি হতে পারে, ভোটগ্রহণ ২৮ বা ২৯ নভেম্বর এবং গণনা ২ ডিসেম্বর।
যে সাতটি পুরসভায় প্রথম দফায় ভোট হচ্ছে, সেগুলি হল কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং। এই সাতটিতে মোট ৬৩০১টি বুথে ভোট নেওয়া হবে। সূত্রের খবর, প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। ভোটের রূপরেখা চূড়ান্ত করতে শুক্রবার সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসছেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় ইভিএম পাঠানোর কাজ শুরু হবে।
রাজ্যের ১২টি জেলার ১৫টি পুরসভা এখন চলছে প্রশাসক দিয়ে। বহু জায়গায় বছরের পর বছর ভোট হয়নি। সবচেয়ে উল্লেখযোগ্য হাওড়া, যেখানে শেষ ভোট হয়েছিল ২০১৩ সালে, মেয়াদ শেষ ২০১৮-তে। তারপর ১৩ বছর কেটে গেলেও ভোট হয়নি। এছাড়া দুর্গাপুর, রায়গঞ্জ, ডোমকল, বুনিয়াদপুর, পূজালি, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প, নলহাটি, বালি ও ধূপগুড়ি পুরসভার ভোটও আটকে, অধিকাংশের শেষ নির্বাচন ২০১৭ সালে।
নবান্ন সূত্রে খবর, সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত পুরভোট করার পক্ষে। মন্ত্রিসভা গঠনের পরেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এই নিয়ে। রাজনৈতিক পালাবদলের পর বহু পুরবোর্ড ভেঙে যাওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে, তাই আর দেরি করতে চাইছে না প্রশাসন।