ওঙ্কার ডেস্ক: টিআরপিতে মাত্র এক সপ্তাহের মধ্যেই খেলা ঘুরল। বিরাট চমক এবার প্রথম স্থানে। এবার নতুন, পুরনো সবাইকে ছাপিয়ে এক নম্বরে জায়গা করে নিল জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এই প্রথমবার ‘বাংলা সেরা’র খেতাব জিতল এই মেগা। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। গত সপ্তাহে প্রথম স্থানে ছিল এই ধারাবাহিক। এই সপ্তাহে হাতছাড়া হল জায়গা। প্রাপ্ত নম্বর ৫.৯। শুরুর দিন থেকেই পারুলের লড়াইয়ে পাশে থেকেছেন দর্শক। তাই প্রতি সপ্তাহে বেশ ভালই ফল করে এই ধারাবাহিক।
তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫। এখন আবারও পুরনো মেজাজে ফিরেছে জগদ্ধাত্রী। যদিও গল্পের মোড়ে তার মেয়ে দুর্গার কাহিনি নিয়ে এগোচ্ছে এই মেগা। তাই দর্শকের মনোযোগ আকর্ষণ করছে এই ধারাবাহিক। চতুর্থ স্থানে ৫.৪ নম্বর পেয়ে ‘ফুলকি’ রয়েছে তালিকায়। দুর্গাপুজোর প্লট চলছে এখন ধারাবাহিকে। গল্পের মোড়ে আবারও নতুন অবতারে ধরা দিয়েছে ফুলকি-রোহিত। নানা টুইস্টের মিশেলে দারুণ এগোচ্ছে এই মেগাও। পঞ্চমে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৩।
প্রসঙ্গত, এই সপ্তাহে প্রথম দিকে এগিয়ে রয়েছে জি বাংলা। স্টার জলসার ধারাবাহিকের নম্বর তুলনামূলকভাবে কম। টিআরপিতে এই সপ্তাহে জায়গা পায়নি নতুন মেগা। তবে আশা ছাড়েননি দর্শক। শুরু হওয়া নতুন ধারাবাহিক আগামীতে কী ফল করে, এখন সেটাই দেখার।
