ওঙ্কার ডেস্ক: দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। প্রথম সন্তানের মতো এবারও তাঁর এসেছে পুত্রসন্তান। হর্ষ লিম্বাচিয়া ও ভারতীর সংসারে নতুন অতিথির আগমনের খবর আসতেই খুশির আবেশ অনুরাগী মহলে। এদিন সকালে টেলিভিশন শো’য়ের শুটিং ছিল তাঁর। সেই মতো সেটে হাজিরও হয়েছিলেন শিল্পী। কিন্তু আচমকাই তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। পরিস্থিতি বেগতিক দেখে তাঁর স্বামী তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানেই সুস্থ সবল এক শিশুপুত্রের জন্ম দেন ভারতী।
দিনকয়েক আগেই ভারতী ও হর্ষ তাঁদের সুইজারল্যান্ড বেড়াতে গিয়ে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর জানিয়েছিলেন। সোশাল মিডিয়ায় নীল রঙের সিল্ক গাউনে নিজের মেটারনিটি ফটোশুটের ছবিও শেয়ার করেছিলেন ভারতী। ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছিলেন, ‘দ্বিতীয় বেবি লিম্বাচিয়া শিগগিরই আসছে।’ যদিও এক সাক্ষাৎকারে ভারতী বলেছিলেন, কন্যা সন্তান যতদিন পর্যন্ত না হচ্ছে, ততদিনই নাকি তিনি চেষ্টা চালিয়ে যাবেন।
ভারতী সিং এবং হর্ষ লিম্বাছিয়া ২০১৭ সালে বিয়ে করেন। ২০২২ সালে, ভারতী তাঁদের প্রথম পুত্র লক্ষ্যের জন্ম দেন। যাঁকে ভালোবেসে গোলা বলে ডাকেন তিনি। ভারতী বহু প্ল্যাটফর্মে বলেছেন, যদি তাঁর কন্যা সন্তান হয়, তা হলেই তাঁর পরিবার পরিপূর্ণ হবে। তবে এবারও তাঁর ইচ্ছে অপূর্ণই থেকে গেলেও, নতুন সদস্যকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন দম্পতি।
