ওঙ্কার ডেস্ক: তাদের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। কবে তাঁরা সত্যিই বিয়ের পিঁড়িতে বসবেন সেই নিয়ে ছিল নানা প্রশ্ন। গুঞ্জন ফেব্রুয়ারিতেই নাকি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা বিয়ের পিঁড়িতে বসবেন! জানা গিয়েছে, সব ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসবে বিয়ের আসর। উপস্থিত থাকবেন দুই পরিবার এবং অতি নিকটজন। তবে এই বিষয়ে এখনও তারকাজুটির মুখে কুলুপ। কিন্তু এবার বিয়েতে নিমন্ত্রণ নিয়ে প্রশ্ন করতেই ছবিশিকারিদের কী বললেন রশ্মিকা?
প্রসঙ্গত, শুক্রবার রাতে মুম্বই বিমানবন্দরে দেখা যায় রশ্মিকাকে। তখনই অভিনেত্রীকে দেখে সেখানে উপস্থিত ছবিশিকারিরা বলে বসেন, ‘‘আমরা কি নিমন্ত্রণ পাব না?’’ প্রশ্ন শুনেই হেসে ফেলেছিলেন অভিনেত্রী। তারপরেই বলেন, ‘‘কিসের নিমন্ত্রণ?’’ পরের মুহূর্তেই পাল্টা বলেন, ‘‘হ্যাঁ। সামনেই সিনেমা মুক্তি পাচ্ছে আমার। কিছু না কিছু করব নিশ্চয়ই।’’ তার পরে হাত নেড়ে বিমানবন্দরের অন্দরে ঢুকে যান।
নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কিছু বলেননি বিজয় বা রশ্মিকা। কিন্তু, তাঁরা একই জায়গায় একসঙ্গে ঘুরতে গিয়েছেন একাধিক বার। দিনকয়েক আগেই রোম থেকে ঘুরে এলেন যুগলে। অনেকেই বলাবলি করছেন, ওঁরা নিজেদের ব্যচেলার সময় উদ্যাপনে গিয়েছিলেন। এই প্রসঙ্গে রশ্মিকা বলেন, ‘‘গত চার বছর ধরে এই গুঞ্জন চলছে। মানুষ একই প্রশ্ন যেমন বার বার করছেন, তেমনই সুখবরের জন্যও অপেক্ষা করছেন। কিন্তু আমি এই বিষয় নিয়ে তখনই কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’’ যদিও ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, আগামী মাসের মধ্যেই পরিণতি পাবে বিজয়-রশ্মিকার প্রেমের সম্পর্ক।
