ওঙ্কার ডেস্ক: ফের বলিউডে শোকের ছায়া।প্রয়াত অনিল কাপুর-বনি কাপুরের মা নির্মল কাপুর। শুক্রবার রাতে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। দুঃসংবাদ আছড়ে পড়ার পরই কঠিন সময়ে কাপুর পরিবারের পাশে থাকতে ছুটে যান বলি তারকারা। উপস্থিত ছিলেন, রানি মুখোপাধ্যায়, করণ জোহর, ফারহা খান, রবিনা ট্যান্ডন, অনুপম খের, জাভেদ আখতার, রাজকুমার সন্তোষী-সহ বলিউডের একাধিক তারকারা।
বলিউড সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন নির্মল কাপুর। কয়েক দিন আগে তাঁর শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে নির্মলের বয়স হয়েছিল ৯০ বছর। জানা গিয়েছে, শনিবার পবনহংস শ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। ইতিমধ্যেই মায়ের মরদেহ নিয়ে শ্মশানে পৌঁছে গিয়েছেন বনি কাপুর, অনিল কাপুর, সঞ্জয় কাপুররা। শুক্রবার গভীর রাতে ঠাকুমাকে শেষবার দেখার জন্য পৌঁছে গিয়েছিলেন সোনম কাপুর। চোখের কোণে জল। হাসপাতাল থেকে দুই কাকা অনিল-সঞ্জয়ের সঙ্গে ঠাকুমার মরদেহ বাড়িতে নিয়ে আসেন অর্জুন কাপুরও।
রাজ কাপুরের তুতো ভাই সুরিন্দর কাপুরের স্ত্রী ছিলেন নির্মল কাপুর। তাঁদের তিন ছেলেসহ নাতি অর্জুন কাপুর, নাতনি সোনম কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর , রিহা কাপুর, জাহান কাপুররাও অভিনয়কে বেছে নিয়েছেন কর্মজীবনে। বলিউডের আদ্যোপান্ত ফিল্মি পরিবারের অন্যতম অভিভাবিকার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।
