ওঙ্কার ডেস্ক: শুরু সেই ২০০৬। ‘অগ্নিশপথ’ ছবির মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন এক নতুন মুখ। তিনি দেব ওরফে দীপক অধিকারী। তিনি ছক ভেঙে, নিজেকে বারংবার গড়ে একের পর এক ছবি উপহার দিয়ে চলেছেন দর্শক ও অনুরাগীদের। সেই অভিনেতা দেব সম্প্রতি টলিউডে পুর্ণ করলেন ২০ বছর। সেই উপলক্ষ্যে কেক কেটে চলল উদযাপন। সমাজমাধ্যমে এদিন তিনি পোস্ট করেছেন এক ভিডিও, সেখানেই কেক কেটে টলিউড ইন্ডাস্ট্রিতে ২ দশক উদ্যাপন করতে দেখা যায় অভিনেতাকে। কেকের উপর তাঁর বিভিন্ন ছবির চরিত্রের ছবি, পপকর্ন, ইত্যাদি লাগানো ছিল।
অভিনেতা হিসেবে ২০ বছর পূর্ণ করার উপলক্ষ্যে দর্শকদের ধন্যবাদও জানান দেব। তিনি বলেন, ধন্যবাদ দর্শকদের যাঁরা ২০ বছর ধরে আমায় সহ্য করেছেন, ভালবেসেছেন, আশীর্বাদ করেছেন। আমার জন্য প্রার্থনা করেছেন তাঁদেরও ধন্যবাদ।’ এদিন দেবের পাশে ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। কেক কেটে দেব তাঁকেই আগে খাওয়ান। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে এদিন সেই উদ্যাপনের ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘দেব অধিকারীর ২০ বছর উদ্যাপন করা হল আমাদের অফিসে আমাদের টিমের সঙ্গে। স্টারডমের ২ দশক, পরিশ্রমের দুই দশক। অসংখ্য মানুষের ভালবাসার ২ দশক।’
প্রসঙ্গত, দেবকে দর্শক শেষবার ‘প্রজাপতি ২’ ছবিতে দেখেছে। আগামীতে তাঁকে দেখা যাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে। চলতি বছরের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পয়ার কথা এই ছবির। এছাড়াও একগুচ্ছ ছবি ইতিমধ্যেই ঘোষণা করেছেন দেব। চলতি বছরের পুজোর সময় আসছে দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির সপ্তম ছবি, ‘দেশু ৭’। বড়দিনে মুক্তি পাবে ‘টনিক ২’। ‘খাদান ২’ ছবিটিরও ঘোষণা করে রেখেছেন দেব। এইভাবেই অভিনয়ে পথচলা জারি রয়েছে দেবের।
