ওঙ্কার ডেস্ক: ২০২৩ সালে হইচই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সৃজিত মুখার্জী পরিচালিত সিরিজ ‘দুর্গরহস্য’। তবে খবর রয়েছে, এ বছরের পুজোয় বড় পর্দায় পরিচালক ছবি না আনলেও, ওয়েব প্ল্যাটফর্মে তাঁর ‘ফেলুদা’ ফিরছেন!
হইচই ওয়েব প্ল্যাটফর্মে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজ মুক্তি পাওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন, ওয়েব প্ল্যাটফর্মের জন্য আর ‘ফেলুদা’ সিরিজ বানাবেন না। জানা গিয়েছে, আড্ডা টাইমস ওয়েব প্ল্যাটফর্মের জন্য বানানো দুটো ‘ফেলুদা’ সিরিজ়ের একটি দেখানো হয়েছিল। আর একটি বাকি ছিল। এ বছরের পুজোয় মুক্তি পাচ্ছে তবে সেটিই ওই ওয়েব প্ল্যাটফর্মে। পরিচালক জানান “বড় পর্দায় না থাকলেও পুজোয় আমি আছি। অন্য কোনও খানে, অন্য ভাবে। ছ’বছর আগে প্রথম দুটো সিরিজ বানিয়েছিলাম, ‘ছিন্নমস্তার অভিশাপ’ আর ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। প্রথমটি মুক্তি পেলেও দ্বিতীয়টি সেই সময় দেখানো হয়নি। এ বার সেটি দেখানো হবে।” অর্থাৎ, এ বছরের পুজো ‘ফেলুদা’ এবং তার দলবলেরও। পরিচালকের সিরিজ দর্শকদের নিয়ে যাবে সোজা নেপালে। কাঠমান্ডুতেই রহস্যের সমাধান করবেন ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী, ‘তোপসে’ কল্পন মিত্র, ‘জটায়ু’ অনির্বাণ চক্রবর্তী।
এর পাশাপাশি পরিচালককে দেখা যাবে শহর জুড়ে। তিনি জানিয়েছেন, এ বার প্রথম তিনি বিজ্ঞাপনী মুখ! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় প্রথম ‘মডেলিং’ করেছেন। “বুম্বাদা সব সময়েই বিজ্ঞাপনের মুখ হয়ে শহরের সর্বত্র ছড়িয়ে থাকেন। এই প্রথম দুই পরিচালক একই ভাবে থাকব। বেশ অন্য রকম অনুভূতি।”
